ভাসছে আস্ত গাড়ি, লুটিয়ে পড়ছে সবকিছু ; তারইমধ্যে অক্ষত বাড়ির ব্যালকনিতে পরিবার

ধাদিং (নেপাল) : কথাতেই আছে, ‘রাখে হরি তো মারে কে!’ একটি পরিবারের সঙ্গে অনেকটা সেরকমই দৃশ্য দেখা গেল বন্যা-বিধ্বস্ত নেপালে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার স্মরণীয় নানা ঘটনা প্রায়শই দেখা যায়। নেপালের এই ঘটনাও যেন সেই তালিকায় ঢুকে পড়ল। রাক্ষুসে জলের গতি যখন একে একে সব গিলে ফেলছে তারই মধ্যে বিস্ময়করভাবে বেঁচে গেল একটি বাড়িতে বসবাসকারী বাসিন্দারা। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এখন চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এনিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

ঘটনা কী ?

হড়পা বান তখন তাণ্ডব চালাচ্ছে। ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসা জলের তাণ্ডবে বাড়ি-গাড়ি সবকিছু যেন খেলনার মতো ভেসে যাচ্ছে। একে একে ভেঙে পড়ছে সব বাড়িঘর। চারিদিকে ভেঙে পড়া বাড়ির কাঠামো ভেসে বেড়াচ্ছে। ভাসছে গাড়ি। তারইমধ্যে বিস্ময়করভাবে দাঁড়িয়ে সবুজ রঙের একটি দালানবাড়ি। যার ব্যালকনিতে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। যে ভিডিও সামনে এসেছে তাতে তাঁদের চেহারায় খুব একটা আতঙ্কের ছাপ ধরা পড়েনি। যদি ওই মুহূর্তে নিশ্চয়ই তাঁরা ভিতরে ভিতরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু, তা তাঁদের শারীরিক ভাবভঙ্গিতে ধরা পড়েনি। এরইমধ্যে অটল অবস্থায় দাঁড়িয়ে রইল তাঁদের বাড়িটি। ভয়ঙ্কর জলের গতি বাড়ির চারপাশে ঘোরাঘুরি করলেও, তাদের বাড়ির কোনও ক্ষতি করতে পারেনি। যখন আশপাশের সব বাড়িঘর একে একে ভেঙে পড়ছে তারমধ্যে এভাবে তাঁদের বাড়িটি অক্ষত থাকা অনলাইনে বিস্ময় জাগিয়েছে। অনেকেই এনিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। বাড়িতে অন্তত তিনজন সদস্যকে দেখা যায় ভিডিওতে। শেষমেশ তাঁদের কী পরিণতি হয়েছে তা নিয়ে অনেকেই জানতে চান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরও একটি ভিডিওর মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে, পরিবারের তিন সদস্যই অক্ষত আছেন।  

হিমালয়ের দেশে এখন শুধুই হাহাকার। প্রকৃতির রোষে বিপর্যস্ত নেপাল। চলছে উদ্ধারকাজ। আকাশে উড়ছে সেনা কপ্টার ও ড্রোন। মৃৃতদেহ উদ্ধার হয়েছে বহু। এখনও নিখোঁজ হাজার। জল-কাদা-পাথরের ঢেউয়ে তছনছ হয়ে গিয়েছে গোটা বাজার। দোতলা বাড়ির ওপর দিয়ে বয়ে গিয়েছে স্রোত। ধ্বংস হয়ে গিয়েছে সব কিছু। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কোনওমতে পালিয়ে বেঁচেছেন কেউ…..। কেউবা চিরতরে চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নীচে। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। জীবনের খোঁজে উড়ছে সেনা হেলিকপ্টার। উড়ছে ড্রোন।

Post Comment

You May Have Missed