গলল বরফ? এক সিনেমায় দেখা যাবে দেব এবং জিৎ-কে? কী জানা যাচ্ছে?

কলকাতা: ফের কি একসঙ্গে, এক সিনেমায় দেখা যাবে দেব (Dev) আর জিৎ (Jeet)-কে? গতকালের পর থেকে, টলিপাড়ায় ফিরে ফিরে আসছে এই প্রশ্নই। সদ্য মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমা মুক্তির জন্যই নাকি, নিজের সিনেমা মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন দেব। এখানেই শেষ নয়, দেব নিজে বৃহস্পতিবার বাবা-মা-কে নিয়ে এসেছিলেন জিতের নতুন সিনেমা দেখতে। সেখানে হাজির ছিলেন জিৎ নিজেও। পাশাপাশি বসে সিনেমা দেখলেন ২ তারকা। প্রেক্ষাগৃহের অন্ধকারে তাঁদের ঘিরে ঝলসে উঠল ফ্ল্যাশের আলো.. এই সিনেমা তো সচরাচর দেখা যায় না। ছবির শেষে, পাশাপাশি ধরা দিলেন ২ তারকা। জিতের সিনেমার ভূয়সী প্রশংসা শোনা গেল দেবের গলায়, এদিন আর কী জানালেন ২ তারকা? 

সিনেমা দেখতে এসে দেবের মুখে জিতের প্রশংসা

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখতে এসে দেব আগেই বলেছিলেন, তিনি জিৎ-কে জানিয়েছিলেন, এই ছবিটি তিনি দেখতে চান। সিনেমাটি যে ভাল হয়েছে, সেই খবরও নাকি পেয়েছিলেন দেব আগেই। আর সেই কারণেই বাবা-মাকে নিয়ে ছবিটি এদিন দেখতে এসেছিলেন তিনি। ছবি দেখা শেষ করে দেব বললেন, ‘বাংলায় এমন বড় স্কেলের কাজ হওয়া উচিত। এই ধরনের ছবি তো গোটা পরিবারকে নিয়ে দেখতে আসার মতো। সেই কারণে আমিও গোটা পরিবারকে নিয়ে দেখতে এসেছি, আমার মায়েরও ছবিটা ভীষণ ভাল লেগেছে। জিৎ-দার অভিনয় দুর্দান্ত। ওকে ছাড়া এই সিনেমাটা সম্ভব ছিল না।’ অন্যদিকে দেবের ছবি দেখতে আসা নিয়ে জিতের মত, ‘বাংলা সিনেমাকে উদযাপন করা হচ্ছে। দেব খবর পেয়েছিল, ছবিটা ভাল হয়েছে। সেই কারণেই দেব নিজের পরিবারকে নিয়ে এসেছে। নিজের প্রতিক্রিয়াও দিয়েছে। যদি ভাল সিনেমা হয়, তাহলে অবশ্যই বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত।’

এক ছবিতে জিৎ ও দেব, অনুঘটক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

‘দুই পৃথিবী’ ছবিটি এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। ফের কি একসঙ্গে কাজ করতে দেখা যাবে দেব এবং জিৎ-কে? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আমাদের ২ জনকে একসঙ্গে নিয়ে বসেছিলেন। দীর্ঘক্ষণ কথা হয়েছে আমাদের মধ্যে। উনি বলেছেন, পুজোর পরে চেষ্টা করবেন আমাদের একসঙ্গে নিয়ে একটি ছবি করার। যদি ভাল গল্প হয়, আমরা তৈরি আছি। এমন নয় যে, জিৎ আর দেবের মধ্যে কোনও সমস্যা রয়েছে। তারা একসঙ্গে কাজ করবে না। যদি কোনও গল্পের চরিত্র হিসেবে দেব এবং জিৎ যথোপযুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব।’

আরও পড়ুন: Jeet-Dev: মিলে গেল ‘দুই পৃথিবী’! মা-বাবাকে নিয়ে জিতের নতুন সিনেমা দেখতে এলেন দেব!

Post Comment

You May Have Missed