‘বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে’, আসন্ন পুরভোট নিয়ে কী বলছেন কল্যাণ ?

কলকাতা : চলতি বছর শেষের দিকেই হতে পারে পুরসভার ভোট। আর তাই নিয়ে কোমর বেঁধেছে বিজেপি। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভার নির্বাচনও হতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর, এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য় কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯টি করা হচ্ছে। এবারের পুরভোটে একা লড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য় ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য়সভার সাংসদ রাহুল সিন্হাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয়কুমার সিং-কে। 

পুরসভা ভোট নিয়ে বিজেপির তৎপরতা এবং এই দায়িত্ব ভাগাভাগি প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে। আর লুঠ করার জন্য ভাল ভাল এমপি- দের হাতে দায়িত্ব দিচ্ছে, যারা ভালভাবে লুঠ করতে পারে। নভেম্বর পর্যন্ত অনেক কিছুই হবে পশ্চিমবঙ্গে। দেখতে থাকুন কী হয়।’ 

আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার 

আসন্ন পুরভোটে বিজেপির একা লড়ার ইঙ্গিত দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।’ 

নভেম্বরেই হতে পারে কলকাতা পুরসভার ভোট। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি পুরভোট হবে হাওড়াতেও। নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ২০২৬-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। হাওড়া পুরসভাতে ওয়ার্ড সংখ্য়া ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৮ করা হচ্ছে। কলকাতা ও হাওড়া দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে। 

Previous post

Nepal Tragedy Update: নেপালের বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের অন্তত ৩৩ জন বাসিন্দা, কৈলাস মানসসরোবর যাওয়ার পথেই বিপত্তি!

Next post

Viral Prescription: স্ত্রীর কামড়ে অসুস্থ স্বামী, ভাইরাল হওয়া প্রেসক্রিপশন ভুয়ো! এবার থানায় অভিযোগ দায়ের করল SSKM, কী জানাল হাসপাতাল?

Post Comment

You May Have Missed