পাহাড়ের পঞ্চায়েত নিয়ে দিলীপ ঘোষের সাথে দেখা করলেন বিমল গুরুং, রোশন গিরি

পাহাড়ের পঞ্চায়েত নিয়ে দিলীপ ঘোষের সাথে দেখা করলেন বিমল গুরুং, রোশন গিরি

Last Updated:

দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন বিমল গুরুং। দার্জিলিং জেলার পাহাড়ে পঞ্চায়েতের ক্ষমতায়ণ, অধিকার পুনর্বহাল এবং দুর্যোগ মোকাবিলায় প্রতিটি পঞ্চায়েতে পৃথক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গড়ে তোলার দাবি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা।

News18
News18

দার্জিলিং জেলার পাহাড়ে পঞ্চায়েতের ক্ষমতায়ন, অধিকার পুনর্বহাল এবং দুর্যোগ মোকাবিলায় প্রতিটি পঞ্চায়েতে পৃথক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গড়ে তোলার দাবি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। এই দাবিগুলি নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত প্রতিমন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের প্রতিনিধিরা।

বৈঠকে দার্জিলিং পাহাড়ের পঞ্চায়েত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন স্থানীয় গণতন্ত্রে নতুন উদ্দীপনা এনেছে উল্লেখ করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় অধিকার, আর্থিক সংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে পঞ্চায়েতের যে ক্ষমতাগুলি খর্ব করা হয়েছিল, সেগুলি সম্পূর্ণভাবে পুনর্বহাল করে স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী, জবাবদিহিমূলক এবং জনমুখী করে তোলা প্রয়োজন। পাশাপাশি পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কথা মাথায় রেখে প্রতিটি পঞ্চায়েতে পৃথক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গড়ে তোলার দাবিও জানানো হয়েছে।

দলটির আশা, দার্জিলিং পাহাড়ের মানুষের স্বার্থে রাজ্য সরকার এই দাবিগুলিকে ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা জানিয়েছে, পাহাড়ের মানুষের অধিকার রক্ষা, শক্তিশালী স্থানীয় প্রশাসন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। পাহাড়ে এবার ভাল ফল করেছে বিজেপি, সেই সঙ্গে রাজ্যেও ক্ষমতা দখল করেছে। এক সময়ের পাহাড়ের শাসক গোর্খা জনমুক্তি মোর্চা আবার পাহাড়ে গুরুত্ব পেতে চাইছে।

Post Comment

You May Have Missed