PMFME Scheme: এই সরকারি প্রকল্পে মিলবে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা ! কারা পাবেন এই সুবিধা, কীভাবে কোথায় করবেন আবেদন ? জেনে নিন
Last Updated:
Government Schemes: সরকারি প্রকল্পের মাধ্যমে মিলতে পারে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা। তবে কারা এই সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন এবং কোন কোন নথি প্রয়োজন—সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এক প্রতিবেদনে।
মালদহ, জিএম মোমিন: নতুন শিল্প, নতুন কর্মসংস্থান, নতুন স্বপ্ন! পিএমএফএমই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তার সুযোগ। কীভাবে কোথায় করবেন আবেদন জানালেন আধিকারিকরা। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সাধারণ মানুষকে উদ্যোগী করে তুলতে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে ধরতে মালদহ জেলায় ব্লক ও পৌরসভাভিত্তিক দু’দিনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর তরফে।
মালদহের ইংরেজবাজার পৌরসভা, পুরাতন মালদহ ব্লক, গাজোল ব্লক এবং হরিশ্চন্দ্রপুর ব্লকে বিশেষ এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি উদ্যোগপতি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে পিএমএফএমই প্রকল্পের সুবিধা সহ আবেদন পদ্ধতি ও সরকারি সহায়তা সম্পর্কে জানানো হয়।
জেলা উদ্যানপালন আধিকারিক ড. মলয় মাঝি জানান, “একক ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও, সমবায় সংস্থা-সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তোলা বা পুরনো ইউনিটের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য প্রকল্প ব্যয়ের ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সরকারি সহায়তা মিলবে। এছাড়া কমন ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের ৩৫ শতাংশ পর্যন্ত, সর্বোচ্চ ৩ কোটি টাকা ভর্তুকিরও ব্যবস্থা রয়েছে।”
তিনি আরও জানান, “উপভোক্তাকে প্রকল্প ব্যয়ের অন্তত ১০ শতাংশ নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে, বাকি অর্থ ব্যাঙ্ক ঋণের মাধ্যমে পাওয়া যাবে। খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সিড ক্যাপিটাল হিসেবে মাথাপিছু ৪০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, ব্র্যান্ডিং ও বিপণনের সুবিধাও দেওয়া হবে।”
ইংরেজবাজার পৌরসভার শিবিরে এসে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “সরকারের এমন উদ্যোগ আগামীতে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। এরফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। আমের আচার, জুস, চিড়া, ছাতু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ব্যবসায়ীদের সুযোগ বাড়বে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চারটি ব্লকের শিবিরে এসে আবেদন করতে পারবেন উপভোক্তারা। এছাড়া পরে শিবির শেষে মালদহ জেলা উদ্যানপালন দফতর বা চাঁচল মহকুমা উদ্যানপালন দফতরে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে ডিআরপি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে সহযোগিতা করবেন। এই উদ্যোগের ফলে ব্যবসায় আগ্রহী মানুষ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়বে এবং আর্থিক সহায়তা নিয়ে আত্মনির্ভর হওয়ার পথ আরও সুগম হবে।
Kolkata,West Bengal
Jul 25, 2026 10:59 PM IST
PMFME Scheme: এই সরকারি প্রকল্পে মিলবে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা ! কারা পাবেন এই সুবিধা, কীভাবে কোথায় করবেন আবেদন ? জেনে নিন
Post Comment