Major IPS & WBPS Change: ADG CID পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে, নয়া দায়িত্বে নটরাজন রামেশ বাবু, রাজ্য পুলিশের ৩৩ পদে রদবদল
Last Updated:
Major IPS & WBPS Change: পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। জনস্বার্থে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে আইপিgfএস ও ডব্লিউবিপিএস অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসটিএফ, বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ ও বিভিন্ন জেলার পুলিশ সুপারের পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
কলকাতা: রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ রদবদল। এডিজি সিআইডি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন নটরাজন রামেশ বাবু। এডিজি নর্থ বেঙ্গল পদ থেকে সরানো হল কে জয়রমনকে। সরানো হল বিধাননগরের সিপি ত্রিপুরারি অথর্ব-কেও, তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন রাঠোর অমিতকুমার ভারত। এসপি দার্জিলিং, এসপি কোচবিহারকেও সরানো হল।
বারুইপুরের ঘটনায় গোয়েন্দা পুলিশের ভূমিকায় কি ব্যর্থতা ছিল? বারুইপুর পুলিশ জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অ্যাডিশনাল এসপি সৌমিক সেনগুপ্তকে বদল করা হল। অপেক্ষাকৃত গুরুত্বহীন পদে তাঁকে বদল করা হল। ৩৩ জন আইপিএসদের রদবদলে বারুইপুর পুলিশ জেলার দুই পুলিশ আধিকারিককে বদলি। তার মধ্যেই বারুইপুর পুলিশ জেলার গোয়েন্দা দফতরের দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপিকে বদল করল রাজ্য। তার জায়গায় বারুইপুর পুলিশ জেলার যিনি অ্যাডিশনাল এসপি জোনাল ছিলেন, তাঁকেই আপাতত অ্যাডিশনাল এসপির দায়িত্ব দেওয়া হল।
মঙ্গলবার, ১৪ জুলাই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে মোট ৩৩ জন আইপিএস এবং ডব্লিউবিপিএস অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদলে সিআইডি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি), এসটিএফ, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, উত্তরবঙ্গ-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আধিকারিকদের।
সবচেয়ে উল্লেখযোগ্য বদলির মধ্যে রয়েছেন নটরাজন রমেশ বাবু, তাঁকে রাজ্যের সিআইডির ডিজি ও আইজিপি পদে নিযুক্ত হল। একই সঙ্গে তিনি সংশোধনাগার দফতরের ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ত্রিপুরারি অথর্ব, যিনি এতদিন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, তাঁকে অতিরিক্ত মহানির্দেশক (ট্রাফিক ও রোড সেফটি) পদে পাঠানো হয়েছে।
এসটিএফেও বড়সড় বদলের নির্দেশিকা জারি হয়েছে। সুধীর কুমার নীলকণ্ঠম এসটিএফ-এর আইজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সিদ্ধার্থ ধাপোলা এসটিএফ-এর এসপি, অম্লান ঘোষ উত্তরবঙ্গ এসটিএফ-এর এসপি, এবং রাজীব কুমার কলকাতা এসটিএফ-এর ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। কলকাতা পুলিশেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। প্রদীপ কুমার যাদব হয়েছেন ডিসি (সাইবার), অরিন্দম সরকার পেয়েছেন ডিসি (ইস্ট ডিভিশন)-এর দায়িত্ব। স্পর্শ নিলাঙ্গি-কে সাইবার বিভাগ থেকে সরিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)-এর ডিসি করা হয়েছে।
জেলাস্তরেও একাধিক পুলিশ সুপারের বদলি হয়েছে। ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরাও দার্জিলিংয়ের নতুন এসপি, জসপ্রীত সিং হয়েছেন এসপি, সিসিডব্লিউ, এবং মনীশ যোশী-কে কোচবিহারের এসপি হিসেবে পাঠানো হয়েছে। এছাড়াও ডব্লিউবিপিএস ক্যাডারের একাধিক অফিসারের বদলির নির্দেশ জারি হয়েছে। বারুইপুর পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), ডিআইবি এবং ট্রাফিক শাখায় একাধিক নতুন পোস্টিং করা হয়েছে।
Kolkata,West Bengal

Post Comment