South 24 Parganas News: নোনাজলের দাদাগিরি এবার বন্ধ, এতদিন পর আবার লাঙল নামবে মাঠে! বড় প্রজেক্টে বদলে যাবে ভাগ্য
Last Updated:
South 24 Parganas News: জুমাই নস্কর হাট থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত রাস্তায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৩টি অত্যাধুনিক কালভার্ট ও স্লুইস গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তায় নোনা জল ঢুকে চাষের জমি নষ্ট হয়ে যেত। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ত। তবে এর ফলে চাষের জমিতে নোনা জল ঢোকা বন্ধ হবে। ১৫ কিলোমিটার ঘুরপথের দুর্ভোগও কমবে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: তিনটি কার্লভাট সংস্কারে চাষের সুবিধা হবে জুমাই নস্কর হাট পরবর্তী এলাকাতে। এখানে এই কার্লভাটগুলি বসানোয় নোনাজল আর চাষের জমিতে প্রবেশ করতে পারবে না। দিনের পর দিন এই এলাকায় নোনাজল প্রবেশ করায় চাষ বন্ধ ছিল। তবে এবার আর নোনা জল আসতে পারবে না। নদীর বাঁধের ওপর দিয়ে চলে গিয়েছে রাস্তা। রাস্তাটিও এরফলে বেহাল হয়ে পড়েছিল।
এ নিয়ে কাকদ্বীপের বিধায়ক তথা মন্ত্রী দীপঙ্কর জানা জানান, শেষ মুহূর্তে এসে কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে। বাঁধটিও মজবুত হবে। ফলে ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ আরও উন্নত হবে। সেই লক্ষ্যেই চলছে কাজ। এই রাস্তার ওপর নির্মিত হচ্ছে ৩ টি কালভার্ট। খরচ হচ্ছে প্রায় ১৬ কোটি টাকার ওপর। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও কুলপি বিধানসভার মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিবছরই ছোট-বড় দুর্ঘটনা ঘটত, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় কাকদ্বীপ বা কুলপিতে যেতে হলে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হত সাধারণ মানুষকে। ফলে সময় অপচয় হত। স্থানীয়দের দাবি, এতদিন শুধু প্রতিশ্রুতি মিললেও কাজের বাস্তবায়ন দেখা যায়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এলাকায় নতুন করে চাষ হবে শুনে খুশি সকলেই।এখন তাদের অপেক্ষা আর কিছু সময়ের। কাজ সম্পূর্ণ হোক দ্রুত, আর বহু বছরের কষ্টের অবসান ঘটুক চিরতরে এটাই এখন চাইছেন স্থানীয়রা।
South Twenty Four Parganas,West Bengal



Post Comment