Kharagpur IIT Hospital: খড়গপুর আইআইটি হাসপাতালে যুগান্তকারী বদল! এবার জলের দরে মিলবে ২ আধুনিক পরিষেবা, কী কী জানুন

Kharagpur IIT Hospital: খড়গপুর আইআইটি হাসপাতালে যুগান্তকারী বদল! এবার জলের দরে মিলবে ২ আধুনিক পরিষেবা, কী কী জানুন

Last Updated:

Kharagpur IIT Hospital: চিকিৎসা পরিষেবায় বড়সড় চমক দিতে চলেছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। ডিরেক্টর সুমন চক্রবর্তীর ঘোষণা অনুযায়ী, চলতি মাস থেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে স্বল্প মূল্যের অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিকাঠামো।

খড়গপুর আইআইটির ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
খড়গপুর আইআইটির ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: খড়গপুর আইআইটির ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবশেষে চালু হতে চলেছে এমআরআই, সিটি স্ক্যান এবং ইউএসজি-র মতো অত্যন্ত জরুরি আধুনিক চিকিৎসা পরিষেবা। সম্পূর্ণ বাণিজ্যিক মনোভাবের বাইরে গিয়ে, অত্যন্ত স্বল্প খরচে সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী। শনিবার খড়গপুর আইআইটির ৭২তম সমাবর্তন উৎসব। তার আগের দিন, শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের টেকনোলজি গেস্ট হাউসে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই সুখবর শোনান ডিরেক্টর। তিনি জানান, এই আধুনিক পরিষেবাগুলি চালু করার জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে এবং চলতি মাসেই রোগীদের জন্য এই সুযোগ সুবিধা চালু করার বিষয়ে আইআইটি কর্তৃপক্ষ অত্যন্ত আশাবাদী।

আইআইটি কর্তৃপক্ষের এই উদ্যোগে খড়গপুর ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষের চিকিৎসার মান যেমন উন্নত হবে, তেমনই খরচও অনেকটাই কমবে। শুধু হাসপাতালের আধুনিকীকরণই নয়, খড়গপুর শহরের সুপ্রাচীন রেলওয়ে মেন হাসপাতালের সঙ্গে আইআইটির চিকিৎসা ব্যবস্থার সমন্বয় এবার আরও মজবুত হতে চলেছে। প্রায় এক দশক আগে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছিল, এবার তাকে আরও বাস্তব ও কার্যকরী রূপ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত উচ্চতর পঠনপাঠন ও গবেষণার প্রসারে খড়গপুর আইআইটি ক্যাম্পাসেই চালু করা হচ্ছে ‘বিসি রায় মেডিক্যাল স্কুল’।

আরও পড়ুন: সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শনিবার দুপুর থেকেই তুমুল ঝড়-জলে ভিজবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় দুর্যোগ? জানুন

সাংবাদিক বৈঠকে ডিরেক্টর সুমন চক্রবর্তী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি সবসময় চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। ভারতের সমস্ত আইআইটি-র মধ্যে খড়গপুরই চিকিৎসা পরিকাঠামোর দিক থেকে সবচেয়ে উন্নত। আর এই উন্নত পরিকাঠামোকে আইআইটি কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে জনগণের সেবায় নিয়োজিত করতে চাইছে। একই সঙ্গে প্রযুক্তির সহায়তায় চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনকেও আরও সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে খড়গপুর আইআইটির সঙ্গে সরাসরি ২০ জন চিকিৎসা বিশেষজ্ঞ বা মেডিক্যাল ফ্যাকাল্টি যুক্ত রয়েছেন। তাঁরা খড়গপুর রেলওয়ে মেন হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Kharagpur IIT Hospital: খড়গপুর আইআইটি হাসপাতালে যুগান্তকারী বদল! এবার জলের দরে মিলবে ২ আধুনিক পরিষেবা, কী কী জানুন

Post Comment

You May Have Missed