যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা

যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা

প্রকাশ সিন্‌হা, কলকাতা : ED-র তলবে হাজিরা নুসরত জাহানের। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিনেত্রীর। কয়েকদিন আগেই অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদকে তলব করেছিল ইডি। পাঠানো হয়েছিল সমন। তার ভিত্তিতেই বুধবার সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। ২ দিন আগে ইডি- র তরফে তলব করা হয় নুসরতকে। তিনি জানিয়েছিলেন, দিল্লি গিয়ে দেখা করতে চান। তবে ইডি- র তরফে বলা হয়, কলকাতার অফিসেই হাজিরা দিতে হবে। সেই মতোই আজ বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন নুসরত জাহান। 

সেভেন সেন্সেস নামে একটি সংস্থার নাম ফ্ল্যাট প্রতারণা মামলায় উঠে এসেছে, যার অন্যতম কর্ণধার নুসরত জাহান। অভিযোগ, এই সংস্থা রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে। কিন্তু ফ্ল্যাট দেওয়া হয়নি। ফেরত দেওয়া হয়নি টাকাও। আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই মামলাতেই তলব করা হয়েছে নুসরত জাহানকে, খবর ইডি সূত্রে। ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রথমে এফআইআর হয়। তদন্ত শুরু করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফ্ল্যাট নির্মাণকারী সংস্থার আরেক কর্ণধারক রাকেশ সিং-সহ আরও অনেককেই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নুসরত জাহানকেও এর আগে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ইডি আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে তদন্ত করে বিভিন্ন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য পেয়েছেন তাঁরা। সেইসব নথি, তথ্য সামনে রেখে ফের একবার নুসরতকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। বুধবার সকাল ১১টা নাগাদ তলব করা হয় নুসরতকে। সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। নুসরত এর আগে সমন পেয়ে ইডি-কে জানিয়েছিলেন যে তিনি দিল্লির অফিসে গিয়ে দেখা করতে চান। তবে ইডি- র তরফে জানানো হয় যেহেতু মামলা কলকাতার, মূল তদন্তকারী অফিসার যিনি নুসরতকে জিজ্ঞাসাবাদ করবেন, তিনি কলকাতায় রয়েছেন, তাই কলকাতার অফিসেই হাজিরা দিতে হবে নুসরতকে। 

অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে। যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল, তার কোনও নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে কিনা, গোটা ঘটনায় নুসরতের কী ভূমিকা – এই সব বিষয়েই আরও তথ্য জানতে ফের একবার নুসরতকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডি আধিকারিকরা। আর কিছুক্ষণেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে বলে খবর। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল তা বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছিল সেভেন সেন্সেস সংস্থা থেকে। নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছিল কিনা, এই গোটা বিষয়টি নুসরত (যেহেতু তিনি সেভেন সেন্সেস সংস্থার অন্যতম একজন কর্ণধার) জানতেন কিনা, তাও জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। 

Previous post

Arrest Warrent Against Srijato: শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ভোটের আগেই কবিকে তুলে নেওয়ার নির্দেশ

Next post

West Bengal Election 2026: ১২০ টোটোর মেগা মিছিল! ভোট প্রচারে হুগলিতে বামেদের বিরাট শক্তি প্রদর্শন, রইল ছবি

Post Comment

You May Have Missed