মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, দেদার মেসেজ পাঠাল হ্যাকাররা, তদন্তে পুলিশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, দেদার মেসেজ পাঠাল হ্যাকাররা, তদন্তে পুলিশ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামক সরকারি ইনস্টাগ্রাম পেজ এবার হ্যাকারদের কবলে। ওই পেজটি হ্যাক করা হয়েছে বলে খবর। বিধাননগর সাইবার থানায় অভিযোগ জমা পড়েছে সেই মর্মে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করে সেখান থেকে বহু মেসেজ পাঠানোর অভিযোগ সামনে এসেছে। (Mamata Banerjee News)

সুবিধা-অসুবিধা এবং যে কোনও প্রয়োজনে যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, তার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা চালু করা হয়। ইনস্টাগ্রামে একটি পেজ খোলা হয়  ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামেই, যাতে সেখানে সরাসরি অভিযোগ-অনুযোগ জানাতে পারেন মানুষজন, নিজেদের বক্তব্য জানাতে পারেন। (Mamata Banerjee’s Instagram Hacked)

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামক সরকারি ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করা হয়েছে বলে প্রথমে বোঝা যায়নি। বেশ কিছু পোস্ট এবং মেসেজ ঘিরে প্রথমে সন্দেহ দেখা দেয়। যাঁরা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামক সরকারি ইনস্টাগ্রাম পেজটি নিয়ন্ত্রণ করেন, তাঁদের মনেই সন্দেহ জাগে। বোঝা যায়, বাইরের কারও হাতে দখল চলে গিয়েছে পেজটির। বিভিন্ন জিনিস পোস্ট করার পাশাপাশি, একাধিক জায়গায় মেসেজও যাচ্ছে। তবে হ্যাকাররা ঠিক কী মেসেজ পাঠায়, তা জানা যায়নি।

এর পরই গত মঙ্গলবার বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য যে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পেজটি খোলা হয় ইনস্টাগ্রামে, সেটি কারা হ্যাক করল, তাদের উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মুখ্যমন্ত্রীর সরকারি ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার খবর সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে। এমনিতেই যত দিন যাচ্ছে, সাইবার অপরাধ বাড়ছে। মুখ্যমন্ত্রীর সরকারি পেজও যে রক্ষা পেল না, তাতে হতবাক অনেকেই। 

কয়েক বছর আগে হ্যাকারদের দখলে চলে যায় CPM-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজও। সূর্যকান্তর ‘ভেরিফায়েড’ ফেসবুক পেজের URL-ও বদলে দেয় হ্যাকাররা। সূর্যকান্তর ফেসবুকের URL https://www.facebook.com/surjyakmishra থেকে বদলে করে দেওয়া হয় https://www.facebook.com/Surjyaoffcie. সূর্যকান্ত সেই সময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই ছিলেন। কিন্তু তাঁর পেজ খুঁজে পেতে সমস্যা দেখা দেয়। বিষয়টি নজরে পড়তে আইনি পদক্ষেপ করা হয় সেই সময়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, গত চার বছরে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ৭০০-রও বেশি সরকারি ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে।

Previous post

The Park Unizen: বদলে যাবে শহরের আতিথেয়তার সংজ্ঞা, ৬৯টি সার্ভিসড আবাসন নিয়ে ইএম বাইপাসে আত্মপ্রকাশ করছে ‘দ্য পার্ক ইউনিজেন’

Next post

শুধু বিজয়-রশ্মিকাই নন, পর্দার প্রেম বারে বারেই বাস্তবের ছোঁয়ায় হয়ে উঠেছে সত্যি! তালিকায় আর কোন কোন নায়ক নায়িকা?

Post Comment

You May Have Missed