মমতার বিরুদ্ধে FIR, ‘সময় না দিলে’ কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ
পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত FIR দায়ের করেছে হেস্টিংস থানা। বলপ্রয়োগ করে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। আর এবার পুলিশ সূত্রে খবর, বয়ান রেকর্ড করার জন্য সময় চাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে। তিনি সময় না দিলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও আইনের কাছে মাথা নিচু করতেই হবে বলে বক্তব্য বিজেপির। এদিকে ‘কালীঘাট-তৃণমূল’ প্রশ্ন তুলছে পুলিশের সঙ্গে সহযোগিতা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এই FIR?
আরও পড়ুন, ‘সুপ্রিম’ নির্দেশে ‘যোগ্যদের’ চাকরির মেয়াদ বাড়ল ৯ মাস , কীভাবে দেখছেন শিক্ষক শিক্ষিকারা ?
হাইকোর্টের শর্তসাপেক্ষে শুক্রবার ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশ করেছে ‘কালীঘাট-তৃণমূল’। কিন্তু সেই সভা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করেছে হেস্টিংস থানা।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’আজ (শুক্রবার) প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের নির্দেশকে ভাঙলেন। রাস্তার একটা ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করে কী করলেন। আমি পুলিশকে বলেছি FIR রেজিস্টার করতে আর হাইকোর্টে যেতে ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে। ছাড়া হবে না।’
পুলিশ সূত্রের খবর, FIR দায়েরের পর, এবার বয়ান রেকর্ড করার জন্য সময় চাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে। তিনি যদি সময় না দেন, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও বড় রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক দলের থেকে নির্বাচিত সাংসদ, মহান-মহৎ কিছু নন, সবাইকেই আইনের কাছে মাথা নিচু করেই দাঁড়াতে হবে। তারপরে তিনি প্রমাণ করবেন যে তিনি দোষ করেছেন কী দোষ করেননি। পুলিশের FIR-এ দাবি, সভাস্থলে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উল্টোদিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মঞ্চের কাছে আসার ডাক দেন। আর তারপরই কালীঘাট-তৃণমূলের সমর্থকেরা ফুটপাত থেকে পশ্চিম দিকের ক্যাথিড্রাল রোডের দিকে এগিয়ে গিয়ে রাস্তায় ভিড় করেন। ফলে যান চলাচল ব্যাহত হয় এবং একাধিক গাড়ি রাস্তায় আটকে পড়ে।
শুক্রবারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’ পুলিশ জোরজুলুম করবেন না। ভিক্টোরিয়ার অনেকগুলো রাস্তা খালি আছে। শুধু এই রাস্তাটা জ্যাম করছেন, মিটিং করতে না দেওয়ার জন্য।’পুলিশের দাবি, সেই সময় কালীঘাট-তৃণমূলের সভামঞ্চের কাছে কর্তব্যরত পুলিশকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের নির্দেশের কথা মনে করিয়ে সমর্থকদের রাস্তায় না নামার আবেদন করেন। কিন্তু সেই আবেদনে কান দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,আমি তো বুঝলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী জন্য এফআইআর? যিনি সম্পূর্ণ কো-অপারেশন করেছেন পুলিশের সঙ্গে। সেই পুলিশ কীভাবে অভিযোগ দেয়? আর জামিন অযোগ্য ধারা। তাঁর হাতে অস্ত্র ছিল না। লাঠি ছিল না। সবসময় সে মাইকে বলছিল পুলিশকে সহযোগিতা করুন।’ জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।
Suvendu Adhikari : নন্দীগ্রামে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা : মুখ্যমন্ত্রী
Post Comment