ব্যর্থ সুদর্শনের সেঞ্চুরি, চিন্নাস্বামীর কিংগ কোহলি, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দুইয়ে উঠে এল আরসিবি

ব্যর্থ সুদর্শনের সেঞ্চুরি, চিন্নাস্বামীর কিংগ কোহলি, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দুইয়ে উঠে এল আরসিবি

বেঙ্গালুরু: ম্যাচের প্রথমার্ধে তখন শুধু গুজরাত টাইটান্সের জয়জয়কার। শুভমন গিল ও সাই সুদর্শনের রেকর্ড পার্টনারশিপ। ছন্দ হাতড়ে বেড়ানো সুদর্শনের সেঞ্চুরি। আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে যে দলের বিরুদ্ধে, সেই দলের নামও শুক্রবার থেকে হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তারপরেও শেষ হাসি আরসিবি-রই। নেপথ্যে, বিরাট কিংগ কোহলি। রান তাড়া করতে নামলেই যিনি নিজের সেরাটা দেন। যে কারণে ক্রিকেটবিশ্ব তাঁকে চেজমাস্টার বলে কুর্নিশ করে। লক্ষ্য ২০৬ রানের। রান তাড়া করতে নেমে ৪৪ বলে ৮১ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন কোহলি। গুজরাত টাইটান্সকে দেখলেই যিনি জ্বলে ওঠেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোহলির রান? ৫৩ বলে ৫৮, ৫৪ বলে ৭৩, ৬১ বলে অপরাজিত ১০১, ৪৪ বলে অপরাজিত ৭০, ২৭ বলে ৪২ ৬ বলে ৭ ও শুক্রবারের ৪৪ বলে ৮১।

শুরুতেই জেকব বেথেলের উইকেট হারালেও, কোহলির সঙ্গে ক্রিজে জমে গেলেন দেবদত্ত পাড়িক্কল। ২৭ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। 

 

তবে শেষ দিকে ৩২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দলের সামনে এবার মুকুটরক্ষার লড়াই। তবে ক্রুণাল পাণ্ড্য (১২ বলে ২৩ রানে অপরাজিত) ও টিম ডেভিড (৯ বলে ১০ রানে অপরাজিত) আরসিবি শিবিরে চাপ তৈরি হতে দেননি। ৭ বল বাকি থাকতে মাত্র পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে আরসিবি। 

আরও পড়ুন : খবরে সিলমোহর, বাংলার কোচ চেয়ে বিজ্ঞপ্তি সিএবি-র, আলোচনায় কারা? আবেদন করবেন লক্ষ্মীরতন?

ঘরের মাঠ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার আরসিবি-র প্রতিপক্ষ ছিল শুভমন গিলের গুজরাত টাইটান্স। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় সাজায় গুজরাত টাইটান্স। সেঞ্চুরি করেন সাই সুদর্শন। আরসিবিই আইপিএলের সেই দল, যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে। সব মিলিয়ে ১৫টি সেঞ্চুরি হল আরসিবির বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে ছাপিয়ে গেল তারা। 

দুরন্ত পার্টনারশিপ গড়েছিলেন শুভমন গিল ও সুদর্শন। দুজনে মিলে ওপেনিং জুটিতে ৭৬ বলে ১২৮ রান যোগ করেন। যে কোনও উইকেটেই যা আরসিবির বিরুদ্ধে গুজরাত টাইটান্সের সর্বোচ্চ পার্টনারশিপ। যদিও শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন কোহলিই।



Post Comment

You May Have Missed