বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য ও বান্ধবী মাহিকা?

বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য ও বান্ধবী মাহিকা?

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনি বরাবরই বিভিন্ন সময়ে হেডলাইন কেড়ে নেন। অবশ্য সেটা শুধু তাঁর ক্রিকেটীয় দক্ষতার জন্য নয়, হার্দিকের ব্যক্তিগত জীবনও বারংবার লাইমলাইট চলে এসেছে। এবার ফের একবার চর্চার কেন্দ্রে হার্দিকের ব্যক্তিগত জীবনই। শোনা যাচ্ছে ভারতীয় তারকা ক্রিকেটার আইপিএলের মাঝেই বিবাহবন্ধনে (Hardik-Mahieka marriage) আবদ্ধ হতে চলেছেন।

হার্দিক বিগত বেশ কয়েকদিন ধরে মাহিকা শর্মাকে (Mahieka Sharma) ডেট করছেন। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করেননি। মাহিকাকে বহুবারই হার্দিকের হয়ে তাঁর ম্যাচে স্ট্যান্ডে উপস্থিত থেকে গলা ফাটাতে দেখা গিয়েছে। এবার রিপোর্ট অনুযায়ী সেই মডেল, অভিনেতা মাহিকার সঙ্গেই হার্দিক বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাও আবার আইপিএলের মাঝপথেই। সম্প্রতি এই বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Mamarazzi-র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী হার্দিক ও মাহিকা আগামী শুক্রবার, ২২ মে সাত পাকে বাঁধা পড়ছেন। রাজস্থানের উদয়পুরে দুইজনে গাঁটছড়া বাঁধবেন বলেই খবর। সেই বিবাহে অবশ্য খুব বড়সড় নয়, বরং পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বলে দাবি করা হচ্ছে। অবশ্য এই বিষয়ে হার্দিক বা মাহিকা, বা তাঁদের কোনও প্রতিনিধির দ্বারা কোনও মন্তব্য করা হয়নি। তবে এ নিয়ে জল্পনা বাড়ছেই।  

 

২২ গজের কথা বলতে হলে, হার্দিকের দল মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তিনি বিগত বেশ কয়েক ম্যাচ খেলেনওনি। শোনা যাচ্ছিল হার্দিক চোটের কবলে রয়েছেন। তবে তাঁর সম্প্রতি এক পোস্ট এই দাবি নিয়ে সংশয় তৈরি করেছে। হার্দিকের তরফে সোশ্যাল মিডিয়ায় হালেই দুইটি ভিডিও পোস্ট করা হয়েছিল। গত মঙ্গলবার বেশ রাতের দিকে পাণ্ড্যকে অনুশীলন করতে দেখা যায়। তিনি দুই ভিডিওতেই জোরকদমে ব্যাটিং অনুশীলন সারেন। এরপরেই ফের একবার হার্দিককে নিয়ে সংশয়, জল্পনা তৈরি হয়েছে। TOI-র রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স কর্পারেট পার্কে হার্দিক মঙ্গলবার তিন ঘণ্টারও অধিক সময় অনুশীলন সারেন।

এই ঘটনার পরেই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। সম্প্রতি পল্টন অধিনায়কের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সংশয় তৈরি করেছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন বলেই শোনা যাচ্ছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে এই মরশুম শেষেই নাকি হার্দিককে পল্টনরা ছেড়ে দেবে। উপরন্তু চোটের জল্পনার মাঝেই অনুশীলনের ভিডিও এবং আইপিএল চলাকালীনই বিয়ের গুঞ্জন কিন্তু মুম্বই এবং হার্দিকের সুদীর্ঘ সম্পর্ক ছিন্ন হওয়ার দিকেই ইঙ্গিত করছে বলে অনেকের ধারণা।



Post Comment

You May Have Missed