বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
কলকাতা: আমির খানের (Aamir Khan) সঙ্গে জুটি বেঁধে, পর্দায় অনুরাগীদের নজর কেড়েছিলেন তিনি। ২০০৮ সালে আমির খানের বিপরীতে যাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল, তিনি আসীন। পুরো নাম, আসিন থত্তুমকল ( Asin Thottumkal )। তাঁর অভিনয়, সারল্য দেখে অনেকেই মনে করেছিলেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। কিন্তু বিবাহের পরেই, বলিউড থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দিয়েছিলেন আসীন। তাঁর ও আমির অভিনীত, ‘গজনী’ ছবিটি বিপুল সাফল্য পেয়েছিল। বক্স অফিসে ১০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়ে ফেলা প্রথম হিন্দি ছবির রেকর্ড গড়েছিল ‘গজনি’। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন, ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের কো-ফাউন্ডার রাহুল শর্মাকে বিয়ে করেন আসীন। তারপরেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে খুঁজে পাওয়া যায় না। অনেকেই জানতে চান, এখন কেমন রয়েছেন আসীন? কী করছেন তিনি?
পরিবারকে সময় দেন, মেয়েকে মানুষর করার পিছনে বড় অবদান আসীনের
সদ্য একটি সাক্ষাৎকারে, আসীনের স্বামী রাহুল জানিয়েছেন, কীভাবে জীবন কাটাচ্ছেন এক সময়ের প্রথম সারির বলি অভিনেত্রী? রাহুল জানিয়েছেন, কন্যসন্তানের মা হয়েছেন আসীন। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি ভীষণ ভালবাসেন। সেই কারণেই রাহুল মনে করেন যে, আসীনকে বিয়ে করা তাঁর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। রাহুল আরও বলেন, আসীন তাঁর সমস্ত আবেগকে বোঝেন এবং যে কোনও পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সবসময়েই আশ্বাস দেন যে, তিনি সবসময়েই রাহুলের সঙ্গে আছেন।
রাহুল আরও জানান, একমাত্র কন্যা এরিন রায়ান শর্মার জন্য অনেকটাই সময় দেন আসীন। মাত্র সাত বছরের মেয়ে ইতিমধ্যেই কোরিয়ান, জাপানি, থাই এবং চীনা-সহ প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। পরিবারের ভিতরে অনেক সময়ে অনেক পরিস্থিতি তৈরি হয়, যেগুলির সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়। সেই সমস্ত পরিস্থিতিই সামলান আসীন, এমনটাই জানিয়েছেন রাহুল। তাঁর মতে, তিনি তাঁর জীবনে আসীনের মতো মানুষ খুব কমই দেখেছেন। রাহুল আরও জানান, আসীন মেয়েকে একেবারেই স্ক্রিনটাইম কাটাতে দেন না। তাঁকে মোবাইল ফোন দেওয়া হয় না। টিভি এবং ল্যাপটপ নিয়েও সময় কাটাতে দেওয়া হয় না। বদলে আসীন মেয়েকে শিখিয়েছেন, বই নিয়ে সময় কাটাতে। পাঠ্যবই ছাড়াও, আসীনদের বাড়িতে প্রচুর বই রয়েছে। রাহুল মনে করেন, মেয়েকে এইভাবে বড় করার পিছনে সমস্ত অবদানই আসীনের।
Post Comment