ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! ‘কিংগ’ শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
কলকাতা: ফের ‘গেরুয়া’ বিতর্ক। ফের দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফের শাহরুখ খান (Shah Rukh Khan)! সামনেই মুক্তি পাবে, শাহরুখ খানের বহু প্রতিক্ষীত সিনেমা, ‘কিংগ’ (King)। শাহরুখের জন্মদিনে ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে, দীপিকার সঙ্গে নতুন গানের ঝলক। আর সেখানেই গেরুয়া পোশাক পরে দেখা গিয়েছে দীপিকাকে। সেই থেকেই শুরু হয়েছে বিতর্ক। ছবির এই গানে দীপিকাকে একটি গেরুয়া পশ্চিমী পোশাক পরে দেখা গিয়েছে। বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগী দীপিকার এই পোশাক দেখেই আক্রমণ শানিয়েছেন এবং বিঁধেছেন খোদ শাহরুখকে। পাশাপাশি তিনি দীপিকাকে ‘ঘুঁটি’ বলেও উল্লেখ করেছেন।
দীপিকার গেরুয়া পোশাক নিয়ে কেন আপত্তি?
৩ বছর আগে মুক্তি পেয়েছিল, শাহরুখ আর দীপিকা অভিনীত ‘পাঠান’ (Pathaan) ছবিটি। সেই ছবির একটি দৃশ্যেই দীপিকাকে গেরুয়া বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। সেই কথাও উল্লেখ করেন রবীন্দ্র সিংহ নেগী। এদিন একটি সাক্ষাৎকারে তিনি শাহরুখকে কটাক্ষ করে বলেন, ‘এটাই তো ওঁদের স্বভাব। কারণ এটা শাহরুখ খানের ছবি। শাহরুখের মতো মানুষেরা এই দেশেই কাজ করে, দেশের জনগণের থেকেই টাকা উপার্জন করেন। আবার দেশকেই অপমান করেন। গেরুয়া রং দেখলেই ওঁদের সমস্যা।’ তবে দীপিকার পরণে গেরুয়া পোশাক থাকলেও, এই পোশাক পরার জন্য দীপিকাকে দোষ দিতে নারাজ তিনি। বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগীর কথায়, ‘দীপিকা একটি ঘুঁটিমাত্র।’
পাশাপাশি এদিন ‘বেশরম রং’ গানটির কথাও উল্লেখ করেন রবীন্দ্র নেগি। এই গানেই দীপিকাকে গেরুয়া বিকিনি পরে দেখা গিয়েছিল। তিনি উল্লেখ করেছেন, সেই দৃশ্যের জন্য হিন্দু সংগঠনের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল, এবারেও সেটাই হবে। পাশাপাশি বিজেপি নেতা জানান, ছবি মুক্তির আগে শাহরুখকে উদ্যোগ নিয়ে ছবি থেকে এই দৃশ্য বাদ দিতেই হবে। নাহলে তাঁকে ছবি মুক্তির সময়ে বাধার মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘আমরা যে সনাতন ধর্মে বিশ্বাস করি, সেখানে এই ধরনের পোশাক পরে এ ভাবে নাচগান করা হয় না।’ তিনি আরও বলেন, সনাতন ধর্মে কিছুই মেনে নেওয়া হবে না। এই দৃশ্য পরিবর্তন না করলে, সারা দেশে প্রতিবাদ হবে এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন, রবীন্দ্র নেগি।
Post Comment