পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
কলকাতা: জল্পনা ছিল দীর্ঘদিনেরই, কাজও চলছিল। অবশেষে ঘোষণা হল, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পুত্র উজানের নতুন ইনিংসের। শুধু অভিনেতা নন, এবার পরিচালনায় পা রাখছেন, উজান গঙ্গোপাধ্যায়। জুলাই মাসেই সিনেমাহলে আসছে নতুন সিনেমা, ‘কাতুকুতু বুড়ো’। ২৪ জুলাই বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। এর আগে, ‘রসগোল্লা’, ‘লক্ষ্মী ছেলে’-র মতো সিনেমায় অভিনয় করে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন উজান। অভিনয় যে তাঁর রক্তে, পাশাপাশি পরিচালনাও। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শেষ করেছেন তিনি, এবার ২৪ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা।
পরিচালনায় পা রাখছেন উজান
সিনেমার নাম, ‘কাতুকুতু বুড়ো’। এই নামে, সুকুমার রায়ের লেখা অদ্ভুত এক চরিত্র আছে বটে। পাশাপাশি এই নাম, বাঙালির কাছে একটা নস্ট্যালজিয়া। ছোটবেলায় সুকুমার রায়ের লেখা এই কবিতা বোধহয় পড়েছে সব বাঙালিই। তবে এই গল্প, ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলায়, পাশাপাশি গল্পের এমন এক একটা মোচড় রয়েছে, যা দর্শকদের চমকে দেবেই। অন্যদিকে এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন, অভিনেত্রী রাপূর্ণা ভট্টাচার্য্য। শুধু পরিচালনা নয়, এই সিনেমায় অভিনয় ও করেছেন উজান। রাপূর্ণাকে তাঁরই বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে অভিনয় করেছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। এই সিনেমা, রাহুলের অভিনীত শেষ ছবিগুলির মধ্যে অন্যতম। এই সিনেমা যখন মুক্তি পাবে, তখন যে আর রাহুল এই পৃথিবীতেই থাকবেন না, তা বুঝতে পারেননি কেউই।
সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টার শেয়ার করে নিয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই। তিনি বলেছেন, ‘ফাদার্স ডে’-তে এটাই তাঁর সবচেয়ে বড় পাওনা। এর আগে, এবিপি লাইভ ডিজিট্যালকে দেওয়া সাক্ষাৎকারে কৌশিক বলেছিলেন, উজান অভিনয়ের থেকে অনেক বেশি ভাল চিত্রনাট্য লেখেন। তিনি এই ইচ্ছাও প্রকাশ করেছিলেন যে, উজান যদি তাঁর লেখা কোনও চিত্রনাট্য নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়কে কাজ করতে দেন, তাহলে খুশি হবেন তিনি। তবে ছেলে পরিচালনায় পা রাখছেন, তাতেই ভীষণ খুশি কৌশিক গঙ্গোপাধ্যায়। দর্শকেরা ইতিমধ্যেই উজানের অভিনয় দেখেছেন, মুগ্ধ ও হয়েছেন। পরিচালনায় পা রেখেও তিনি স্টেপ আউট করে ছক্কা মারবেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম



Post Comment