নিরাপত্তার বজ্র আঁটুনি কমিশনের! তড়িঘড়ি সমস্যা সমাধানে প্রথম দফায় ২১৯৩ কিউআরটি টিম
Last Updated:
West Bengal Assembly Election 2026: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে প্রশাসন। প্রথম দফার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হচ্ছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তির খবর পাওয়া মাত্রই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই বিশাল বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে।
জেলাওয়াড়ি বিন্যাসের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, স্পর্শকাতর এলাকাগুলোতে টিমের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সবচেয়ে বেশি কুইক রেসপন্স টিম থাকছে পূর্ব মেদিনীপুর জেলায়। মোট ২৫৩টি। এছাড়া পশ্চিম মেদিনীপুরে ২৪৮টি , মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২১৯টি, এবং বাঁকুড়াতে ১৮০টি টিম মোতায়েন করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলা ৫৪, বীরভূম – ১৬১ , মালদহ ১৫৭, পুরুলিয়া ১৩৯, আসানসোল-দুর্গাপুর কমিশনারেট ১১৩, ব্যারাকপুর ৬৬টি কুইক রেসপন্স টিম থাকছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারে সবথেকে বেশি ১৩৩টি কিউআরটি থাকছে। পাহাড়ি অঞ্চল ও সীমান্ত এলাকাগুলোতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে শতাধিক টিম পাহারায় থাকবে। আলিপুরদুয়ার ৭০, জলপাইগুড়ি ৮৩, জলপাইগুড়ি পুলিশ জেলা ৬৯, দার্জিলিং ৫২, শিলিগুড়ি ৩৯, কালিম্পং ১৭, উত্তর দিনাজপুর (রায়গঞ্জ পুলিশ জেলা) ৬৫, দক্ষিণ দিনাজপুর ৭৫টি কুইখ রেসপন্স টিম রাখছে কমিশন।
নির্বাচন কমিশনের এই কুইক রেসপন্স টিমগুলো মূলত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রে দ্রুত পৌঁছানোর কাজ করবে। প্রতিটি বুথ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সরাসরি ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করবে এই বাহিনী। প্রথম দফার এই বিশাল নিরাপত্তা বেষ্টনী অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত কতটা করতে পারে সেদিকে নজর থাকবে।
Kolkata,West Bengal
Apr 19, 2026 11:26 PM IST




Post Comment