দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?

কলকাতা: টলিপাড়ায় ফের নতুন ছবি, নতুন জুটি। দুর্জয় মণ্ডলের পরিচালনায় জুটি বাঁধছেন, ওম সাহানি (Om Sahani) ও মৌপিয়া গোস্বামী। চলচ্চিত্রের নাম, ‘‘অভিনেত্রী’। এই ছবিতে যেমন একটি আদ্যপান্ত প্রেমের গল্প রয়েছে, তেমনই রয়েছে স্বপ্নকে ছোঁয়ার গল্প। পরিচালক তাই এই সিনেমাটিকে নিছক প্রেমের গল্প বলে বর্ণনা করতে চান না। তাঁর কথায়, ছবির আবেগ, চরিত্র এবং গল্প বলার ধরণ, সবকিছুর মধ্যেই দর্শকের জন্য থাকবে একাধিক চমক।

নিজের চরিত্র নিয়ে কী বলছেন ওম সাহানি?

দুটি মানুষ, তাঁদের স্বপ্ন আলাদা আলাদা,  কীভাবে একে অন্যের সঙ্গে তাঁর জীবন জড়িয়ে যায়, কীভাবে জীবনের এক একটা ওঠাপড়া পার করে যায় তারা, সেই গল্প বলতে গিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবিতে ওমের চরিত্রের নাম, কাব্য রায়। নিজের চরিত্র নিয়ে ওম বলছেন, ‘কাব্য একজন উঠতি লেখক। সে গল্প এবং চিত্রনাট্য লেখে। বিভিন্ন পরিচালক ও প্রযোজকের অফিসে ঘুরে বেড়ায়। লড়াই করে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করছে সে। এর মধ্যেই কীভাবে তার সঙ্গে পদ্মজার দেখা হয় এবং তারপর দু’জনের জীবনের এগিয়ে যাওয়ার পথে কী কী বাধা আসে, কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এগিয়ে যায়, তাদের পথ চলার সেই গল্পই ছবিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বিভিন্ন অধ্যায়গুলি তারা কীভাবে সামলায়, সেটাও তুলে ধরা হয়েছে সিনেমায়।

নিজের চরিত্র নিয়ে কী বলছেন মৌপিয়া গোস্বামী?

নিজের চরিত্র নিয়ে গল্পের নায়িকা পদ্মজা ওরফে মধুজা বলছেন, ‘ পদ্মজা একজন প্রতিভাবান মডেল এবং অভিনেত্রী। সে উচ্চাকাঙ্ক্ষী ও। নিজের প্রতিভা আর পরিশ্রমের মাধ্যমে বিনোদনের দুনিয়ায় সে নিজের জায়গা করে নিতে চায়। তার চোখে যেমন স্বপ্ন রয়েছে, তেমনই জীবনে অনেক প্রতিকূলতারও মুখোমুখি হতে হয় তাঁকে। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আশা করছি মানুষ পদ্মজার লড়াইয়ের সঙ্গে কোথাও না কোথাও, মিলিয়ে ফেলবেন নিজেকে। তবে নিছক প্রেমের গল্প নয়, দুর্জয়ের এই চিত্রনাট্যে পদ্মজার চরিত্রের বিভিন্ন স্তর রয়েছে। সেখানে অনেক মনস্তাত্বিক বিষয় এবং রহস্য ও রয়েছে। আশা করছি দর্শকদের কাছে সেটা বাড়তি চমক হবে।’

 

আরও পড়ুন: Indrani Haldar: ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, ‘ক্যানসার নাকি ডায়াবেটিস?’

Post Comment

You May Have Missed