‘জানেন ও কী বলেছিল?’ ফার্নান্দোকে গুঁতো দেওয়া নিয়ে মুখ খুললেন যশস্বী, শাস্তি হতে পারে?
কলম্বো: মাঠে আসিথা ফার্নান্দোর সঙ্গে তাঁর বাদানুবাদ উত্তাপ ছড়িয়েছিল। মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অবশেষে বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার।
যশস্বী-আসিথা ঝামেলার পর একটি ক্রিকেট ওয়েবসাইটের তরফে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়, ‘যশস্বী কি সীমা অতিক্রম করেছেন?’ সেখানে বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তাঁর মতামত জানান। সেই পোস্টেই যশস্বী কমেন্ট করেন।
যশস্বী লেখেন, ‘যদি না জেনে থাকেন ও (আসিথা ফার্নান্দো) কী বলেছিল, তাহলে দয়া করে বিচার করতে বসবেন না। সকলের বোঝা দরকার যে এই ভারতীয় দল পাল্টা লড়াই করতে জানে।’
ঠিক কী হয়েছিল?
রবিবার কলম্বোয় শুরু হওয়া দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করছে ভারত। ইনিংস ওপেন করতে নেমে শুরুটা ভালই করেছিলেন কে এল রাহুল ও যশস্বী। দলের ৩৭ রানের মাথায় কট বিহাইন্ড হন রাহুল। তবে যশস্বী ছন্দে ছিলেন। প্রথম টেস্টে রান পাননি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন।
যশস্বী তখন ৪৫ রানে দাঁড়িয়ে। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো রাউন্ড দ্য উইকেট বল করতে আসেন। তাঁর আচমকা ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে যান যশস্বী। তাঁকে ফিরিয়ে উত্তেজিত হয়ে পড়েন শ্রীলঙ্কার পেসার ফার্নান্দো। তিনি তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে টিটকিরি কাটেন।
যশস্বী শুরুতে মাঠ থেকে বেরিয়েই যাচ্ছিলেন। আচমকা তাঁকে দেখা যায় ফিরে আসছেন। সম্ভবত শ্রীলঙ্কার ক্রিকেটারের টিপ্পনি তাঁর মেজাজ বিগড়ে দেয়। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে, যশস্বী ও ফার্নান্দোর কথা কাটাকাটি প্রায় হাতাহাতির চেহারা নেয়। যশস্বীকে দেখা যায় ফার্নান্দোর প্রায় গায়ের ওপর উঠে পড়েছেন। তারপরই মাথা দিয়ে ফার্নান্দোকে গুঁতো দেন যশস্বী। তা নিয়েই বিতর্ক।
যশস্বীর কি শাস্তি হতে পারে?
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এ নিয়ে কী পদক্ষেপ করেন, সেটা দেখার। তবে আইসিসি-র আচরণবিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে দুই ক্রিকেটারের মধ্যে মাঠে যদি এমন সংঘর্ষ হয়, যেখানে শারীরিক সংস্পর্শ থাকে, সেটা শাস্তিযোগ্য অপরাধ।
প্রথম দিনের খেলার শেষে ভারতের সহকারী কোচ সীতাংশু কোটাক মেনে নেন যে, শুধু মৌখিক কথা চালাচালির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ ছিল না। কোটাক বলেন, ‘আমার ধারণা ওকে নিশ্চয়ই সেরকম কিছু বলা হয়েছিল। পুরোটাই উত্তেজনার বশে হয়েছে।’ শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ পুরো বিষয়টাই ম্য়াচ রেফারির ওপর ছেড়েছেন।
আরও পড়ুন: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Durand Cup 2026 : ডুরান্ড জয়ের পরদিন ইস্টবেঙ্গল ক্লাবে উৎসবের পরিবেশ | ABP Ananda Live
Post Comment