কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
আমদাবাদ: ১৮ বছরের অপেক্ষার অবসান অবশেষে শেষ হয়েছিল গত বছর। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে সুযোগ রয়েছে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএল খেতাব (IPL Final) জিতে নেওয়ার। প্রয়োজন মাত্র একটি জয়। আইপিএলের খেতাবি লড়াইয়ে গত মরশুমের মতোই এবারও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামবে আরসিবি। প্রতিপক্ষ আমদাবাদেরই ফ্র্যাঞ্চাইজ়ি গুজরাত টাইটান্স (RCB vs GT)।
এই মেগা ম্যাচে নিঃসন্দেহেই সকলের নজর, সবথেকে বেশি লাইমলাইট থাকবে বিরাট কোহলির (Virat Kohli) উপরেই। এ মরশুমেও কিন্তু কোহলি দলের হয়ে বেশ ভালই পারফর্ম করেছেন। তিনি ১৫ ম্য়াচে ৫০-র গড়ে ৬০০ রান করেছেন। তবে আইপিএলের ফাইনালের চাপ তো আলাদাই। সেই চাপের মধ্যে কোহলির পারফরম্যান্স কেমন? অতীতে তিনি আইপিএল ফাইনালগুলিতে কেমন পারফর্ম করেছেন?
আইপিএলের ফাইনালে গত বছর কোহলি ৩৫ বছরে ৪৩ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে তাঁর আইপিএল ফাইনালে রেকর্ড কিন্তু তাঁর স্তর অনুযায়ী খুব একটা আহামরি নয়। ‘কিং কোহলি’ এখনও পর্যন্ত মোট চারটি আইপিএল ফাইনালে মাঠে নেমেছেন। তিনি সেই চার ম্যাচে ৩২.৫৪ গড়ে মোট ১৩১ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ৫৪।
আরও পড়ুন:- বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে RCB না GT, কার হাতে উঠবে আইপিএলের ট্রফি?
ডেকান চার্জার্সের বিরুদ্ধে সেই ২০০৯ সালে প্রথমবার আইপিএল ফাইনালে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে তিনি আট বলে মাত্র সাত করেই সাজঘরে ফেরেন। তার দুই বছর পর ২০১১ সালে কোহলি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ফাইনালে নিজের সর্বোচ্চ রান করেছিলেন কোহলি। তারপরে গত বারের ইনিংস। তাই ব্যক্তিগত স্তরে কোহলি চাইবেন তিনি যেন সপ্তাহান্তের ফাইনালে ভাল ব্যাট করে বড় রান করতে পারেন।



Post Comment