আমেরিকাকে নতুন প্রস্তাব ইরানের, কী রয়েছে তাতে ?
তেহরান : যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালী খোলার জন্য এবার নতুন প্রস্তাব দিল ইরান। আমেরিকার কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ জলপথ আমেরিকা নৌবাহিনী যেভাবে অবরুদ্ধ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে তার সমাধান করতে চায় ইরান। তবে, নতুন চুক্তিতে পারমাণবিক-আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত দু’টি সূত্রকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে Axios। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও LPG গ্যাস এরমধ্যে দিয়ে সরবরাহ হয়। কাজেই, হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস প্রস্তাব ইতিমধ্যেই পেয়েছে বলে খবর। যদিও ট্রাম্প প্রশাসন নতুন চুক্তিতে সায় দেবে কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, ইরানের তরফে পাঠানো প্রস্তাবে আর কী কী বিষয় রয়েছে ?
নতুন প্রস্তাবে, ইরানের তরফে প্রথমেই জোর দেওয়া হয়েছে হরমুজ প্রণালী সমস্যার সমাধান করার। এতে প্রস্তাব করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অনির্দিষ্টকালের জন্য বাড়ানো যুদ্ধবিরতি আরও দীর্ঘ সময়ের জন্য বাড়ানো উচিত। অথবা, উভয়পক্ষ যুদ্ধের স্থায়ী অবসানে যতক্ষণ না সম্মত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। প্রস্তাব অনুযায়ী, প্রণালী খুলে দেওয়া এবং অবরোধ তুলে নেওয়ার পর পরবর্তী পর্যায়ে পারমাণবিক আলোচনা শুরু হবে। রিপোর্টে বলা হয়েছে, হোয়াইট হাউস প্রস্তাবটি পেয়েছে, কিন্তু তা খতিয়ে দেখতে আগ্রহী কিনা তা স্পষ্ট নয়।
এ প্রসঙ্গে Axios-কে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা এবং আমেরিকা সংবাদমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না। প্রেসিডেন্ট যেমন বলেছেন, ক্ষমতার কেন্দ্রবিন্দু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কেবল এমন একটি চুক্তিই করবেন যা আমেরিকান জনগণকে অগ্রাধিকার দেবে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।” এদিকে ইরানের সঙ্গে প্রায় দুই মাস ধরে চলতে থাকা যুদ্ধ শেষ করার জন্য তাঁর দুটি শর্ত আছে বলে আগেই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, চুক্তিতে কী থাকতে হবে তা ওরা জানে। ব্যাপারটা খুবই সহজ: তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, নইলে বৈঠক করার কোনও কারণই থাকে না।



Post Comment