অভিষেকের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় ! ‘ইটস আ ক্রাইম… SP দেখছে’ মন্তব্য মুখ্যমন্ত্রীর
Last Updated:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অভিযোগ যখন এসেছে, তখন পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে।’’ পরে তিনি আরও বলেন, ‘‘অভিযোগ এসেছে। আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন। জেলাশাসক এবং স্বাস্থ্য দফতরের যা সাহায্য লাগবে, তা করা হবে। ইটস আ ক্রাইম। আর ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয়ের অনিয়ম, দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগের বোমা ফাটছে। তবে এই অভিযোগকে যে মোটেই হালকা ভাবে তিনি নিচ্ছেন না তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘অভিযোগ এসেছে আমি শুনেছি। জেলা পুলিশ সুপার তদন্ত করবেন। এটা ক্রাইম। পুলিশ দেখছে। তদন্তে পুলিশকে যা সহযোগিতা করার স্বাস্থ্য দফতর, জেলাশাসকরা করবেন।’’
জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও জেলা প্রশাসনের কর্তাদের পাশে নিয়ে বুধবার সন্ধ্যাবেলা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সেবাশ্রয় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট বার্তা, ‘‘আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার তাই করা হবে।’’
তৃণমূল সরকারের আমলে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা শিবিরে রোগীদের ‘ভুয়ো’ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো থেকে ওষুধ-সহ নানান ইসুতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। বিজেপির পাশাপাশি বিভিন্ন মহল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের জোরাল দাবিও উঠছে। এই পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে সেবাশ্রয় শিবির বিতর্ক ইসুতে ‘এটা ক্রাইম’ বলে পুলিশি তদন্তের কথা বলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে এদিন পুলিশি তদন্তের বিষয়টি উঠতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিষেকের সেবাশ্রয় নিয়ে পুলিশের তদন্তে আরও গতি পাবে বলেও মত অনেকেরই। মুখ্যমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্সের নীতিতে সেবাশ্রয় নিয়ে অভিযোগকারীরাও বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী। ‘‘মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে।’’ বলছেন অভিযোগকারীরা।
Kolkata,West Bengal




Post Comment