Tribal Festival: ভোরবেলা জলাশয়ে স্নান, গায়ে তেল-হলুদ..! ধুমধাম করে বিয়ে হল ‘ওদের’, বর-কনেকে দেখে অবাক হয়ে যাবেন
Last Updated:
Tribal Festival: মানুষের নয়, তেল-হলুদ মাখিয়ে আর ঢাক-ঢোলের বোলে সাড়ম্বরে সম্পন্ন হল গবাদি পশুর বিবাহ! পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গলমহলে ‘বাঁধনা পরব’ উপলক্ষে আজও টিকে রয়েছে রাঢ় বাংলার এই প্রাচীন লোকসংস্কৃতি।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: কার্তিকের হিমেল বাতাসে যখন নতুন ফসলের সুবাস, ঠিক তখনই এক প্রাচীন লোকসংস্কৃতির সাক্ষী থাকল জঙ্গলমহল। মানুষের বিবাহ নয়, ঢাক-ঢোলের বোল আর উলুধ্বনির আবহে সাড়ম্বরে সম্পন্ন হল গবাদি পশুর বিবাহ। শুধু চন্দ্রকোনা নয়, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা জুড়ে রাঢ় বাংলার আদি কৃষিভিত্তিক উৎসব ‘বাঁধনা পরব’ উপলক্ষে যুগ যুগ ধরে লালিত এই প্রথা আজও যে সমান জীবন্ত, তারই প্রমাণ মিলল বিভিন্ন গ্রামের আয়োজনে।
সকাল থেকেই গৃহস্থের গোয়ালঘরে শুরু হয়েছিল সাজো সাজো রব। কৃষিকাজে সারা বছরের বিশ্বস্ত সঙ্গী বলদ ও গাভীকে ভোরবেলা নিকটবর্তী জলাশয়ে স্নান করানো হয়। এরপর গায়ে তেল-হলুদের ছোঁয়া, পিঠে লাল-নীল রঙের আলপনার ছাপ, গলায় গাঁদা ফুলের মালা এবং পায়ে ঘুঙুর পরিয়ে বর ও কনে রূপে প্রস্তুত করা হয় তাদের। গ্রামীণ বধূদের হাতে কাঁসার বরণডালা, তাতে রাখা পান-সুপারি, ধান, দুর্বা ও প্রদীপ। মানুষের সামাজিক বিয়ের মতোই মন্ত্রহীন কিন্তু নিষ্ঠাপূর্ণ আচার মেনে আয়নায় মুখ দেখানো এবং কপালে সিঁদুরের টিপ পরিয়ে সুসম্পন্ন হয় আনুষ্ঠানিক বিবাহ।
ইতিহাস গবেষকদের মতে, এই লোকাচারের শিকড় প্রোথিত রয়েছে কৃষিবিপ্লবের প্রারম্ভিক পর্বে। সাঁওতাল, কুড়মি ও মাহাতো সমাজের সোহরাই বা বাঁধনা পরবের সঙ্গে রাঢ়ের গ্রামীণ সমাজের সংমিশ্রণে এই রীতির বিকাশ। কার্তিক অমাবস্যার ‘গোরু বন্দনা’ বা ‘গোহাল পূজা’ থেকেই উদ্ভূত এই প্রথা মূলত কৃষিজীবী মানুষের কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। যে প্রাণী সারা বছর রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের অন্ন জোগাতে জমিতে লাঙল টানে, তাকে একদিনের জন্য সংসারের পরমাত্মীয় ও দেবতুল্য মর্যাদায় বরণ করে নেওয়ার এই দর্শন পৃথিবীর লোকসংস্কৃতিতে এক অনন্য নজির।
বিবাহের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনে রূপী গবাদি পশুদের পরিবেশন করা হয় গুড়, চালের গুঁড়ো, মিষ্টি ও খড়-ভুসি মিশ্রিত বিশেষ ভোগ। আধুনিক প্রযুক্তির যুগে যখন চাষের মাঠে ট্র্যাক্টরের দাপট এবং সনাতন সমাজব্যবস্থায় বদল আসছে, তখনও চন্দ্রকোনা থেকে শুরু করে ঝাড়গ্রামের নানা প্রান্তে এই লোকউৎসব মানুষ ও প্রকৃতির মেলবন্ধনকে স্পষ্ট করে। তবে এখন বেশ কিছু জায়গায় কমেছে আড়ম্বর। ফিকে হয়েছে অতীতের ঐতিহ্যের নানা ইতিহাস। তা সত্ত্বেও পূর্বপুরুষের রেখে যাওয়া দায়বদ্ধতা ও মূক প্রাণীর প্রতি ভালবাসার এই অঙ্গীকার আজও টিকে রয়েছে গ্রামীণ মনের অন্তস্থলে।
Post Comment