এনকাউন্টার আবহেই ফের বাংলায় নাবালিকা নির্যাতনের অভিযোগ! ভাতারের ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিলেন বাসিন্দারাই
Last Updated:
এনকাউন্টার আবহেই ফের বাংলায় নাবালিকা নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের ভাতারে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।
ভাতার: আজ সকালেই নাবালিকাকে ধর্ষণ খুনে ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করেছে রায়গঞ্জের পুলিশ। আর এর মাঝেই ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে।
কালীপুজোর মধ্যেই নাবালিকাকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযোগ, পাড়ার কালীমন্দিরের সামনে থেকে আট বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির বছর ২৬-এর এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভাতার থানার একটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার কালী মন্দিরের সামনে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় ওই শিশুকে মাঠের মাঝের একটি বাগানে নিয়ে যায় পাড়ারই এক বাসিন্দা। সেখানে বেলপাতা পাড়তে গিয়ে ঘটনাটি দেখতে পান নাবালিকার পাড়া-সম্পর্কের এক দাদু। তাঁর তৎপরতায় নির্যাতিত শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
অসুস্থ অবস্থায় নাবালিকাকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, নির্যাতিতার বাবা দিনমজুর। শিশুটির পাড়া-সম্পর্কের দাদু জানান, মাঠের মাঝের বাগানে বেলপাতা পাড়তে গিয়ে তাঁর চোখে পড়ে, ওই যুবক শিশুটির ওপর নির্যাতন চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে কালী মন্দিরের সামনে নিয়ে আসেন এবং পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানান।
নাবালিকার ঠাকুমা জানান, সময়মতো ওই প্রতিবেশীর নজরে না পড়লে বড় বিপদ ঘটে যেতে পারত। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, নারী ও শিশুদের উপর অপরাধের ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনা সোমবার সামনে এসেছে। সেই আবহে ভাতারে ফের আট বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment