Suchetan Bhattacharya: বাবা তখন মুখ্যমন্ত্রী, নম্বর ছিল না বলে রাষ্ট্রবিজ্ঞানে MA পড়িনি: সুচেতন ভট্টাচার্য
Last Updated:
সুচেতন ভট্টাচার্য বলেন, ‘আমি কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়তাম৷ কিন্তু এমএ করার নম্বর হয়নি বলে পড়িনি৷’
বাবা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী৷ অথচ সেই সময় যথেষ্ট নম্বর ছিল না বলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ পড়েননি তিনি৷ News18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই জানালেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে সুচেতন ভট্টাচার্য৷
একই সঙ্গে সুচেতনের অকপট স্বীকারোক্তি, রাজনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান কোনওটাই তাঁর জন্য নয়৷
সুচেতন জানিয়েছেন, কলেজ জীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়়াশোনা করেন৷ পাঠ ভবনে পড়ার সময় একাদশ-দ্বাদশেই রাষ্ট্রবিজ্ঞান তাঁর অন্যতম বিষয় ছিল৷ যদিও পরবর্তী সময়ে তাঁর পছন্দের বিষয় হয়ে ওঠে আন্তর্জাতিক সম্পর্ক৷ তবে স্নাতকস্তরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেলও স্নাতকোত্তর পর্যায়ে আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেননি তিনি৷ কারণ, রাষ্ট্রবিজ্ঞানে এমএ করার মতো নম্বরই ছিল না তাঁর৷
সুচেতন নিজেই জানিয়েছেন, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর বাবা বুদ্ধদেব ভট্টাচার্য৷ যদিও এমএ পড়ার জন্য কোনওরকম প্রভাবই খাটাননি তিনি৷ এমন কি, বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও এ বিষয়ে কোনওরকম চাপ দেননি বলেই দাবি করেছেন সুচেতন৷ বাবা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন তিনি সেই প্রভাব খাটালেন না, সেই প্রশ্নের উত্তরে সুচেতনের জবাব, ‘নিজের যোগ্যতায় যেটুকু করতে পেরেছি, করেছি৷ খুব উচ্চাশা আমার কোনওদিনই ছিল না৷’
বাবার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘উনি বরাবরই বলতেন তোমার যেটা ইচ্ছে করে, সেটা করো, নিজের দায়িত্বে করো৷ উনি প্রকৃত গণতান্ত্রিক, মুক্তমনা ছিলেন৷ চ্যারিটি বিগিনস অ্যাট হোম৷ তাই কোনওদিন কোনও কিছু চাপিয়ে দেননি৷’
একই সঙ্গে অবশ্য সুচেতন জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান হওয়াটা তাঁর কাছে চাপেরই বিষয়৷ কারণ ব্যাখ্যা করে সুচেতন বলেন, মুখ্যমন্ত্রীর ছেলে বলে চাপই হয়৷ এখনও সেই চাপ নিতে হয়৷ বাবার কথা বলে রাস্তাঘাটে উত্যক্ত করা হয়৷ আমি তখন প্রতিক্রিয়াও দিয়ে ফেলি৷
এ বিষয়ে সিপিআইএম নেতৃত্বকেও নিশানা করেছেন সুচেতন৷ তাঁর কথায়, বুদ্ধবাবুর ছেলে বলে নাকি সিপিআইএম-এর গঠনতন্ত্র মেনে চলতে হবে৷ কিন্তু আমি ভীষণ নিজের মতো চলতে পছন্দ করি৷’

Post Comment