Ration Wheat Supply: প্যাকেট আটা অতীত, ফের রেশনে মিলবে গম! সরকারের বড় সিদ্ধান্তে ফের কপাল খুলতে চলেছে এইসব ব্যবসায়ীদের
Last Updated:
Ration Wheat Supply: রেশন ব্যবস্থা থেকে অবশেষে বিদায় নিচ্ছে প্যাকেটজাত আটা, তার জায়গায় উপভোক্তারা এবার সরাসরি পাবেন গম। সরকারি এই মাস্টারস্ট্রোকে ফের সচল হতে চলেছে বন্ধ পড়ে থাকা কয়েক হাজার আটা চাকি মিলের চাকা। কর্মসংস্থান ফিরছে বহু শ্রমিকের।
তমলুক, সৈকত শী: সাধারণ মানুষের খাদ্যতালিকায় পুষ্টির জোগান বাড়াতে এবং মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি ফেরাতে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের নিয়মিত গম সরবরাহ করা হবে। সরকারের এই ঘোষণায় যেমন খুশি সাধারণ রেশন গ্রাহকেরা, তেমনই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে গম ভাঙানোর মিল বা ফ্লাওয়ার মিল মালিকদের মধ্যে। এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র মিল মালিকরাই নন, উপকৃত হবেন মিলের সঙ্গে যুক্ত শ্রমিকেরাও। অন্য দিকে, রেশন গ্রাহকদের মধ্যেও এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
বিগত বেশ কিছু সময় ধরে রেশনে গমের যোগান কম থাকায় বা কেবল চাল দেওয়ার কারণে গম ভাঙানোর মিলগুলির ব্যবসা কার্যত মন্দার মুখে পড়েছিল। বহু মিলের চাকা থমকে গিয়েছিল, কর্মহীন হয়ে পড়েছিলেন বহু শ্রমিক। কিন্তু রাজ্য সরকারের নতুন বরাদ্দ অনুযায়ী আবারও রেশনের মাধ্যমে গম দেওয়ার সিদ্ধান্ত আসায়, মিল মালিকরা তাঁদের ব্যবসায় সুদিন ফিরে আসার আলো দেখছেন। তমলুকের এক মিল মালিক জানান, “রেশনে গম দেওয়া বন্ধ থাকায় আমাদের ব্যবসা প্রায় লাটে উঠেছিল। কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে আমরা আবার নতুন করে বুক বাঁধছি। আশা করছি, এবার মিলের চাকা নিয়মিত ঘুরবে এবং আমাদের আর্থিক সংকট কেটে যাবে।”
বাজারে আটার দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে উঠেছিল, তাতে রেশনের গম তাঁদের পকেটের ওপর চাপ অনেকটাই কমাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, রেশনের মাধ্যমে সুষ্ঠুভাবে গম বণ্টনের জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিল মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে গমের গুণগত মান বজায় রেখে তা দ্রুত ভাঙানোর কাজ সম্পন্ন করা হয়। সব মিলিয়ে, রাজ্য সরকারের এই একটি সিদ্ধান্তে এক দিকে যেমন সাধারণ মানুষের পুষ্টি ও পকেটের সুবিধা হবে, অন্য দিকে তেমনই ঝিমিয়ে পড়া মিল শিল্পে ফিরবে জোয়ার। তমলুকের গম ভাঙানোর মিলগুলিতে এখন তাই শুধুই ব্যস্ততা আর আনন্দের পরিবেশ।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ৯২৫ জন রেশন ডিলার রয়েছেন। উপভোক্তার সংখ্যা ৫৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি। যার মধ্যে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরির গ্রাহকেরা রেশনে আটা পেতেন। এবার সেই আটার বদলে গম দেওয়া হবে। রাজ্যে পালাবদলের পরে ফের রেশন ব্যবস্থায় গম ফিরতে চলেছে। দীর্ঘদিন পরে এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন পূর্ব মেদিনীপুরের আটা চাকি মালিকেরা। তাঁদের দাবি, রেশনে গমের বদলে প্যাকেট আটা দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই কার্যত ধুঁকছিল এই ব্যবসা। একের পর এক আটা চাকি বন্ধ হয়ে যায়। এখন আবার গম দেওয়ার সিদ্ধান্তে বহু বন্ধ মেশিনে ধুলো ঝেড়ে নতুন করে কাজ শুরুর প্রস্তুতি চলছে।
Purba Medinipur,West Bengal



Post Comment