Mamata Banerjee: ‘আমাকে খুন করার চক্রান্ত’! ‘রেইড’ নিয়ে বিজেপিকে তুমুল তোপ মমতার, তুললেন মারাত্মক অভিযোগ
Last Updated:
Mamata Banerjee: ভবানীপুর থেকে রবিবার ফের ইডি-রেইড নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী৷ তুললেন তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ৷ মমতার অভিযোগ, ‘‘আমার সিকিউরিটির বাড়িতে রেইড মানে, আমাকে খুন করার চক্রান্ত।’’
কলকাতা: রবিবাসরীয় ভোটের প্রচারে সন্ধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে সব সম্প্রদায়ের মানুষদের নিয়ে আজ আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসাবে আগে একদিন কর্মীসভা করেছেন। রবিবার উত্তম উদ্যানে হাজির ছিলেন ভবানীপুরের সব কাউন্সিলর। ভবানীপুর থেকে রবিবার ফের ইডি-রেইড নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী৷ তুললেন তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ৷
মমতার অভিযোগ, ‘‘আমি লড়াই লড়ে নেব, শেষ দিন অবধি। আমার সিকিউরিটির বাড়িতে রেইড মানে, আমাকে খুন করার চক্রান্ত। আমি জানি জন্মালে মরিতে হবে। কিন্তু এই লড়াই আমাদের লড়তে হবে।’’
তিনি বলেন, ‘‘আমি প্রতিবার কমিউনিটি করি। আমি সেটাই করছি। যারা কর্মীরা আছেন তারা এলাকায় প্রচারে থাকুন। সব কটা ওয়ার্ড ভিত্তিক সভা ও কর্মসূচী করব আমি। আমি সমস্ত কমিউনিটির মানুষকে শ্রদ্ধা করি। আমি সকলের কাছে আমার সমর্থন চাইছি।’’
ইডি-রেইড নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘এই ভোটে কি চলছে দেখেছেন। আমার দলের সোশ্যাল মিডিয়ার কাজ যারা করে তাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে। আমার আইটি যারা দেখে তার বাড়িতে আইটি রেইড করেছে। আমার নিরাপত্তা দেখে যে তার বাড়িতেও আইটি রেইড। আমার প্রার্থীর বাড়িতেও আইটি রেইড হয়েছে ১৬ ঘণ্টা ধরে। আপনারাই ভুল এই ভাবে ভোট হয়? ইডি, সিবিআই দিয়ে প্রতিদিন রেইড করছে।’’
ডিলিমিটেশন বিল প্রসঙ্গে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘পরশু একটা বিল নিয়ে আসল। আসলে তা ডিলিমিটেশন করার বিল। দেশ, রাজ্য, কমিউনিটি, কাস্টকে টুকরো টুকরো করতে এই বিল আনা হয়েছিল। আমাদের কিছু সাংসদ সেদিন যেতে পারেনি। শিবসেনা ও অন্যান্য কয়েকজন সাংসদ যেতে পারেনি। তাও বিজেপিকে আমরা আটকে দিয়েছি।’’
মমতা বলেন, ‘‘গাড়ি চেকিংয়ের নাম করে কি করছে? কাল শুনলাম রাশিয়ান দূতাবাসের গাড়ি আটকে পরীক্ষা করছে। এক টেলিভিশন অভিনেত্রীর গাড়ি আটকে কী করেছে আপনারা ভাবতে পারবেন না। দেশের সমস্ত বাহিনী নিয়ে এসেছে। ইডি, সিবিআই নিয়ে এসেছে। এই ভাবে দেশ চলে নাকি? যারা বাইরে থেকে ভোট দিতে আসছে, তাদের বলছে গীতা ছুঁয়ে বলতে হবে বিজেপিকে ভোট দিতে হবে। হাত-পায়ে শিকল বেঁধে যখন নিয়ে আসা হল গুজরাতে আমেরিকা থেকে তখন কিন্তু মোদী-শাহ কথা বললেন না কিছু। মোদীবাবুর সভা যখন হয় তখন শহরে হয়। ট্রেনে করে বাইরে থেকে লোক নিয়ে আসে। আর ভিডিও তুলে বলে এত লোক আমি দেখিনি।’’
মমতা বলেন, ‘‘বাংলাকে কেন টার্গেট করল? মানে ওদের মনে ভয় আছে। ওদের আমি হারিয়ে দেব। পরশু হারিয়েছি। আগামী দিনেও হারিয়ে দেব। ওরা ভয় পাচ্ছে। আমার কাছে না আছে পয়সা, না আছে টাকা। না আছে হুন্ডি। সব প্রশাসনিক অধিকারদের বদলে দিলেন। আমি পর্যবেক্ষক বলব না, আমি কনজারভার বলব, তাদের নিয়োগ হল। ভোটার তালিকায় একই এপিক নাম্বারে, দুই জায়গার নাম রাখা হয়েছে। তারা ভোট দিতে যাবে। আপনাদের নজরে রাখতে হবে। জবাব কিন্ত আগামিদিনে জোট বেঁধে দিতে হবে। সব কমিউনিটিকে একসঙ্গে জোট বেঁধে নামতে হবে। আমি লড়াই লড়ে নেব, শেষ দিন অবধি। আমার সিকিউরিটির বাড়িতে রেইড মানে, আমাকে খুন করার চক্রান্ত। আমি জানি জন্মালে মরিতে হবে। কিন্তু এই লড়াই আমাদের লড়তে হবে।’’
Kolkata,West Bengal




Post Comment