Job Vacancy Durgapur: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ! দুর্গাপুর CMERI-তে কর্মী নিয়োগ কোনও পরীক্ষা ছাড়া! তারিখ লিখে রাখুন
Last Updated:
Job Vacancy Durgapur: দুর্গাপুরের সিএমইআরআই’তে নিয়োগ বিজ্ঞপ্তি। কোনওরকম পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অস্থায়ীভাবে এই নিয়োগগুলি করা হবে বিভিন্ন প্রজেক্টে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারি গবেষণা সংস্থা ‘সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট’ (CSIR-CMERI)-এ একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন প্রজেক্টের অধীনে প্রায় ৪৭ জন প্রার্থীকে বেছে নেওয়া হবে।
তবে এই পদগুলিতে নিয়োগের জন্য আলাদা করে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের পড়ুয়ারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
যে সমস্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে – প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট জেআরএফ, প্রজেক্ট এসআরএফ, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট সায়েন্টিস্ট। কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন প্রজেক্টে কাজ করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সুযোগ কার্যকরী হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ এবং ৭ জুলাই, দুর্গাপুরের মহাত্মা গান্ধী অ্যাভিনিউতে অবস্থিত CMERI ক্যাম্পাসে এই ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য এই বিষয়ে সমস্ত তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পদের বিন্যাস, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন সম্পর্কে তথ্য রয়েছে। পাশাপাশি সেখান থেকেই আবেদনপত্রের ফর্ম পাওয়া যাবে।
Durgapur,Barddhaman,West Bengal
Jun 28, 2026 10:11 AM IST

Post Comment