HS Examination Result 2026: ইচ্ছেই আসল! আর্থিক অনটনকে হার মানিয়ে রাজ্যে অষ্টম শ্রেয়সী, গর্বে উজ্জ্বল শিলিগুড়ি

HS Examination Result 2026: ইচ্ছেই আসল! আর্থিক অনটনকে হার মানিয়ে রাজ্যে অষ্টম শ্রেয়সী, গর্বে উজ্জ্বল শিলিগুড়ি

Last Updated:

HS Examination Result 2026: শিলিগুড়ির একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

+

শ্রেয়সী শীল, উচ্চ মাধ্যমিকে অষ্টম

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পরিশ্রম, একাগ্রতা আর স্বপ্ন– এই তিনকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রী শ্রেয়সী শীল। শিলিগুড়ির একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে শ্রেয়সীর এই সাফল্যে খুশির আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।

কলা বিভাগের ছাত্রী শ্রেয়সীর আগামীতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করতে চায় সে। বাড়ির সামনেই রয়েছে বাবার ছোট্ট মুদিখানা দোকান। মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও মানসিক সমর্থনই তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানায় শ্রেয়সী। পড়াশোনার পাশাপাশি গান গাইতেও খুব ভালবাসে সে। ছোটবেলা থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গান শিখলেও করোনা পরিস্থিতি ও আর্থিক সমস্যার কারণে পরে আর শেখা হয়ে ওঠেনি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৯৪.১৯ শতাংশ, দ্বিতীয়-তৃতীয় কোন জেলা?

শ্রেয়সী জানায়, “আমি কখনও ভাবিনি রাজ্যস্তরে জায়গা করতে পারব। নিয়মিত পড়াশোনা করেছি এবং শিক্ষিকাদের পরামর্শ মেনে চলেছি। এই ফলাফলের পেছনে বাবা-মা, স্কুলের শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের বড় অবদান রয়েছে। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্নপূরণ করতে চাই।” মেধাতালিকায় নিজের নাম দেখে সে যেমন আবেগাপ্লুত, তেমনই আনন্দে আত্মহারা তার পরিবারও।

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল, পদত্যাগ জেলা পরিষদের পদ থেকেও! রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা

মা শান্ত শীল বলেন, “মেয়ের এই সাফল্যে আমি ভীষণ খুশি। একজন শিক্ষিকা হিসেবে আমি জানি পরিশ্রমের মূল্য কতটা। শ্রেয়সী ছোট থেকেই অত্যন্ত মনোযোগী। সংসারের নানা চাপের মধ্যেও ও নিজের লক্ষ্য থেকে কখনও সরে যায়নি। আজকের এই সাফল্য আমাদের কাছে খুব বড় প্রাপ্তি।” বাবা জীবন কুমার শীল বলেন, “মুদিখানা দোকান চালিয়ে সংসার সামলে মেয়েকে পড়াশোনা করিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু মেয়ের পড়াশোনায় কখনও বাধা দিইনি। আজ ওর সাফল্যে সব কষ্ট সার্থক মনে হচ্ছে। চাই ও আরও বড় হোক, মানুষের মতো মানুষ হোক।”

শ্রেয়সীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা শিলিগুড়ির গর্ব। আর্থিক অনটনকে হার মানিয়ে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে যে স্বপ্ন পূরণ করা যায়, তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে শ্রেয়সী শীল। তার এই সাফল্য আগামী দিনে আরও বহু পড়ুয়াকে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছে শিক্ষামহল।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

HS Examination Result 2026: ইচ্ছেই আসল! আর্থিক অনটনকে হার মানিয়ে রাজ্যে অষ্টম শ্রেয়সী, গর্বে উজ্জ্বল শিলিগুড়ি

Post Comment

You May Have Missed