নভেম্বরে বদলাচ্ছে GST-র নিয়ম, বাড়ছে PNB ক্রেডিট কার্ডের চার্জ! কী প্রভাব পড়বে গ্রাহকদের?
কলকাতা: নভেম্বরের শুরু থেকেই একাধিক অর্থনৈতিক নিয়মে বদল আসছে। বিশেষ করে GST সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে। বদলাতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB-এর ক্রেডিট কার্ডের চার্জ এবং IndusInd Bank-এর সেভিংস অ্যাকাউন্টে ব্যর্থ লেনদেনের উপর নতুন চার্জ। এ ছাড়াও আরও বেশ কিছু বদলও সামনে আসছে। এর ফলে সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ী—প্রভাব পড়তে পারে অনেকের উপরেই।
আরও পড়ুন: ৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
কেন্দ্রীয় সরকার ২০১৭ সালের CGST আইনের কয়েকটি সংশোধিত বিধি আজ, ১ নভেম্বর থেকে কার্যকর করছে। এর মধ্যে রয়েছে পণ্য বা পরিষেবা সরবরাহের পর দেওয়া ছাড়, ক্রেডিট নোট এবং GST রিফান্ড সংক্রান্ত নিয়ম। বিক্রির পরে দেওয়া নির্দিষ্ট ছাড়ের ক্ষেত্রে করযোগ্য মূল্য কমানোর জন্য সংশোধিত শর্ত মানতে হবে। এর মধ্যে ওই ছাড়ের সঙ্গে সম্পর্কিত ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC ফেরত দেওয়ার শর্তও রয়েছে। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের ক্ষেত্রে GST রিফান্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
১ নভেম্বর থেকে PNB-র Visa ও RuPay ক্রেডিট কার্ডে একাধিক চার্জ বদলাচ্ছে। PNB ATM থেকে নগদ টাকা তুললে ২.৫ শতাংশ বা ৪০০ টাকা -এর মধ্যে যেটা বেশি, সেই হারে চার্জ দিতে হবে। অন্য দেশীয় ATM -এ এই চার্জ ২.৫ শতাংশ অথবা ৫০০ টাকা। বকেয়া ৫০০ টাকা পর্যন্ত লেট পেমেন্ট ফি লাগবে না। তবে ৫০ হাজার টাকার বেশি বকেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ বেড়ে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এক বিলিং সাইকেলে ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল মেটালে ১ শতাংশ চার্জ দিতে হবে, সর্বোচ্চ ২ হাজার টাকা।
IndusInd Bank-এর নির্দিষ্ট কয়েকটি সেভিংস অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকায় POS বা ATM লেনদেন ব্যর্থ হলে ২৫ টাকা করে চার্জ দিতে হবে। আর্থিক কারণ ছাড়া অন্য কারণে চেক ফেরত গেলেও ৫০ টাকা চার্জ লাগবে। এর সঙ্গে প্রযোজ্য GST যুক্ত হবে।
এ ছাড়াও, নভেম্বরের মধ্যে ৮০ বছরের কম বয়সি সরকারি পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। নির্দিষ্ট অডিটেড করদাতাদের ITR জমার শেষ তারিখ ২১ নভেম্বর। LPG-র দাম পর্যালোচনা হতে পারে ১ নভেম্বর এবং Indian Bank-এর বিশেষ FD-র সুদের হারও বদলেছে।
Post Comment