Firhad Hakim: ‘রাস্তায় ডেকে প্রায় থ্রেট করেছে,’ রাত পৌনে ১টায় ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী
Last Updated:
Firhad Hakim: তাঁকে হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে ফিরহাদ জানান, ‘‘আরে ভাই এখানে মধ্যবিত্ত বাঙালি থাকে। এখানে বিজেপি নেই। এখানে সিপিএম সহ বাকিদের সাথে ভাল সম্পর্ক আমাদের। আমাকে বলছে কিছু হলে মুশকিলে পড়বে। আরে ভাই আমাকে কী মুশকিলে ফেলবে? তোমাদের আয়ু ৪ তারিখ। আমাদের পাড়ায় সবাই রেগে গেছে। যারা ভেবেছিল হয়ত বিজেপিকে ভোট দেবে তারাও দেবে না।’’
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আর মাত্র কয়েক ঘণ্টা মাত্র বাকি৷ তার মাঝেই সোমবার গভীর রাতে কলকাতা পুরসভার মেয়র তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে এল কেন্দ্রীয় বাহিনী৷ সঙ্গে ছিলেন পুলিশ পর্যবেক্ষকও৷ তৃণমূল প্রার্থীর মন্তব্য, ‘‘নকশাল আমলে যেভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হতো, একই ধরনের ছবি দেখা যাচ্ছে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে এলাকায় অশান্তি নেই, সেখানেও ঝামেলা তৈরি করা হচ্ছে।’’
এদিনের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে ফিরহাদ বলেন, ‘‘আমি বহুদিন বিরোধী দলে ছিলাম। এভাবে বাড়িতে পুলিশ আসবে! ভাবতেই পারিনি। এগুলো সব অমিত শাহ করাচ্ছে।’’
ক’দিন আগেই প্রচারমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ফিরহাদ তাঁর পরিবারের মতো৷ অভিযোগ, রাজ্যের মন্ত্রিসভার সেই বিদায়ী মন্ত্রী ফিরহাদের বাড়িতে সোমবার রাত পৌনে একটা নাগাদ হাজির হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ পর্যবেক্ষক৷ অভিযোগ, সেই সময় তাঁকে ধমকানো হয়।
ফিরহাদ বলেন, ‘‘আমার নাম তো কোথাও নেই। রাত পৌনে একটা নাগাদ কাল আসে। আমার হাউজ গার্ড আমাকে ডাকায়। আমি ভাবলাম স্কুলের পরিকাঠামোর জন্য ডাকছে। আমাকে বলছে ভোটে যেন গন্ডগোল না হয়।’’
তাঁকে হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে ফিরহাদ জানান, ‘‘আরে ভাই এখানে মধ্যবিত্ত বাঙালি থাকে। এখানে বিজেপি নেই। এখানে সিপিএম সহ বাকিদের সাথে ভাল সম্পর্ক আমাদের। আমাকে বলছে কিছু হলে মুশকিলে পড়বে। আরে ভাই আমাকে কী মুশকিলে ফেলবে? তোমাদের আয়ু ৪ তারিখ। আমাদের পাড়ায় সবাই রেগে গেছে। যারা ভেবেছিল হয়ত বিজেপিকে ভোট দেবে তারাও দেবে না।’’
ফিরহাদ হাকিমের অভিযোগ, ‘‘রাত পৌনে একটায় আসা, এটা আমার কাছে অপমান। আমি কলকাতার মেয়র আমার আত্মসম্মানে লেগেছে। রাস্তায় ডেকে প্রায় থ্রেট করেছে। আমি অভিযোগ করিনি। মানুষ এবার ঠিক করবে। ’’
তবে পাশাপাশি ফিরহাদের দাবি, কলকাতা বন্দর নয়৷ এই হঠাৎ হাজির হওয়ার পিছনে আসল ‘কারণ’ ভবানীপুর৷ মমতা ঘনিষ্ঠ নেতার কথায়, ‘‘বাঙালির সংস্কৃতি কৃষ্টি জানেনা। এই সব হুমকি থ্রেট ইউপিতে চলে। আমাদের বাংলায় চলে না। এটা থ্রেট কালচার। উনি বন্দর বিধানসভা নিয়ে বলেননি। উনি বলেছেন ইয়া নেহি হোনা চাহিয়ে। মানে উনি ভবানীপুর নিয়ে বলছেন।’’ প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের বাড়ি চেতলা এলাকায়৷ তিনি কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী এবং ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক৷
রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র ২৭৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতাতেই। নিয়োগ করা হয়েছে অনেক বেশি পুলিশ পর্যবেক্ষক।




Post Comment