Election news: বুথে ভোট গ্রহণ চলাকালীন হঠাৎ ছিঁড়ে পরল ১১,০০০ ভোল্টের তার, আতঙ্কে ভোটাররা
Last Updated:
Election news: এলাকায় থাকা ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার আচমকাই ছিঁড়ে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটার ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভোটের মাঝে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বক্তারঘাট হাইস্কুলে ভোটগ্রহণ চলাকালীন হঠাৎই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এলাকায় থাকা ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার আচমকাই ছিঁড়ে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটার ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ভোট চলাকালীন সময়ে, যখন বহু মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সৌভাগ্যবশত বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি এবং অল্পের জন্য রক্ষা পান একাধিক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিপুর থানা-র পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকাটি নিরাপদ করার ব্যবস্থা নেয়।
এরপর বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারা দ্রুততার সঙ্গে মেরামতির কাজ শুরু করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। এই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলেই মত অনেকের।
উল্লেখ্য, এদিন চলছে দ্বিতীয় দফার নির্বাচন যার মধ্যে রয়েছে গোটা নদিয়া জেলা। সকাল থেকে দু একটি বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসলেও স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যেকটি বুথে। বেলা তিনটে পর্যন্ত গোটা নদিয়া জেলায় ভোটের হার ৭০.০৮ শতাংশ। অন্যান্য বাড়ি তুলনায় স্বাভাবিকভাবেই ভোটের হার অনেকটাই বেশি।
Nadia,West Bengal




Post Comment