NBSTC: সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি! ভর্তুকি না মিললে বাড়বে আর্থিক বোঝা, চিন্তায় এনবিএসটিসি
Last Updated:
NBSTC: আগামী ১ জুন থেকে সরকারি বাসে ফ্রি-তে সফর করতে পারবেন মহিলারা। তাঁদের কোনও টিকিট লাগবে না। সম্প্রতি রাজ্যের নতুন সরকার এই ঘোষণা করেছে।
কোচবিহারঃ সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য আর কোনও ভাড়া লাগবে না। রাজ্যের নতুন সরকার সম্প্রতি এই ঘোষণা করেছে। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে এই ব্যবস্থা শুরু হলে এনবিএসটিসি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আর্থিক বোঝা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন আর্থিক সমস্যায় জর্জরিত এনবিএসটিসি। ২০১৮ সালের এপ্রিলের পর নতুন করে ভাড়া বাড়েনি। এদিকে লাফিয়ে বেড়েছে ডিজেলের দাম। ইতিমধ্যেই ভর্তুকিতে চলছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের থেকে ভাড়া না নেওয়া হলে আর্থিক বোঝা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন নিগমের আধিকারিকরা।
জানা যাচ্ছে, রাজ্য পরিবহণ দফতরের তরফে কর্মীদের বেতনের জন্য ৯০% ও পেনশনের জন্য ১০০% ভর্তুকি দেওয়া হয়। এছাড়া কিছু প্রকল্পের জন্যেও সরকারের তরফে আর্থিক বরাদ্দ মেলে। ভাড়া ছাড়ের ক্ষেত্রেও আলাদা করে ভর্তুকি প্রদান করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন নিগমের আধিকারিকরা।
জানা গিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে টিকিট বিক্রি সহ অন্যান্য সব মিলিয়ে এনবিএসটিসির আয়ের পরিমাণ ছিল প্রায় ১৮৪ কোটি টাকা। তবে জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণেই মূলত এই অর্থ খরচ হয়ে যায়। ফলে মহিলাদের ভাড়া ছাড়ের ক্ষেত্রে আলাদা করে ভর্তুকি পাওয়া গেলে আর্থিক বোঝা অতখানি বাড়বে না বলে মনে করছেন নিগমের আধিকারিকরা।
অন্যদিকে মহিলা যাত্রীদের ভাড়া ছাড়ের বিষয়ে এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, সরকার ভাড়া ছাড়ের ঘোষণা করলেও এখনও নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন হলেই সরকারি নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal

Post Comment