Big Announcement on Annapurna Yojana: বরাদ্দ করা হবে ৩৬ হাজার কোটি টাকা, রাজ্য বাজেটে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিরাট ঘোষণা
Last Updated:
গত ৫ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে চার দিনের রাজ্য সরকার পরিচালিত জনকল্যাণ শিবিরেও চলেছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ।
কলকাতা: পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট। সেই বাজেটেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। ৩৬ হাজার কোটি টাকা অন্নপূর্ণা যোজনায বরাদ্দ করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল বাজেটে। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা ছিল অনেক। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন সরকার আসতেই শুরু হয়েছিল উৎসাহ। বাড়ির মহিলা সদস্যদের জীবনে আচমকা এই অর্থ ঢুকলে তা স্বভাবতই পরিবারের সর্বাঙ্গীন উন্নতিতে বড় ছাপ রাখবে, এমনটাই বিশ্বাস অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের। এবারের বাজেটে অন্নপূর্ণা যোজনা ঘিরেও আশা কম ছিল না। তা পূরণও হয়েছে৷ গর্ভবতী মায়েরা ছয়টি করে পুষ্টি কিট পাবেন। সরকারি বাসে মহিলাদের বিনাপয়সায় পরিবহণের জন্য সাড়ে পাঁচশো কোটি বরাদ্দ থাকবে।
অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক নামের ভেরিফিকেশন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের নাম পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলেও শুক্রবার জানিয়ে দিলেন শুভেন্দু। জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে।অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বাসস্থানের প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট/পাসবুক, পাসপোর্ট আকারের ছবি। নির্বিঘ্নে পেমেন্ট পাওয়ার জন্য আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় এবং আপডেট রাখা জরুরি।
বাজেটে আরও জানানো হয়, এক লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে। তাতে মহিলা নিয়োগ করা হবে ৩৩ শতাংশ ৷ তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী থাকবেন। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য আসন সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 22, 2026 12:24 PM IST

Post Comment