Tapas Roy on Kalicharan Banerjee: সপ্তাহে তিন দিন…‘মেয়র’ ছিলেন কালীচরণ! ফিরহাদ-ঘনিষ্ঠকে নিয়ে বড় অভিযোগ তাপস রায়ের
Last Updated:
Tapas Roy on Kalicharan Banerjee: সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল এদিন তাঁর সওয়ালে বলেন, কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক৷ যেখানে অনুমোদন দেওয়া যাবে না, সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। তাঁর রক্ষাকর্তা কে? এই কাজ যে করত তাঁর রক্ষাকর্তা পর্যন্ত পৌঁছতে হবে। কালীর মাথায় কার হাত আছে। তাঁর কাছে পৌঁছতে হবে। আর টিম ওয়ার্কে যারা জড়িত তাদের সম্পর্কেও বিস্তারিত জানতে হবে৷
কলকাতা: গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম উচ্চারণ করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের একদা আপ্ত সহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে৷ শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে তাঁর ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷ কালীচরণের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্ল্যান পাশ করিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল৷ তারাতলা কাণ্ডে কালীচরণের নাম সামনে আসার পরে ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ঘিরে পুরনো সতীর্থকে বিঁধতে ছাড়েননি আদি তৃণমূলের কুণাল ঘোষ৷ অন্যদিকে, ফিরহাদ এবং কালীচরণকে এক যোগে আক্রমণ করতে দেখা গিয়েছে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী তাপস রায়কে৷
কালীচরণ ঠিক কতখানি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠ ছিলেন, কলকাতা পুরসভার কাজকর্মে কতখানি তাঁর নিয়ন্ত্রণ ছিল, সে প্রসঙ্গ তুলে তাপস রায় এদিন দাবি করেন, ‘‘সোম, বুধ, শুক্র-মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। মঙ্গল-বৃহস্পতিবার-শনি মেয়র ছিলেন কালীচরণ ব্যানার্জি।’’
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হাওড়ার মন্দিরতলা এলাকায়। তাঁর পুরনো বাড়ি বর্তমানে সংস্কার হচ্ছে।
সংস্কার হওয়া বাড়ির পাশে প্রতিবেশীরা অবশ্য বাপ্পা নামেই চেনে। তাঁরা জানান, ছোট থেকেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় পড়াশোনায় খুব ভাল। সে কথাই জানালেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা সবিতা মান্না বলেন, ‘‘ কাজের ক্ষেত্রে কী হয়েছে আমরা বলতে পারব না।ছোটবেলা থেকেই খুব মেধাবী। সকালবেলায় ঠাকুরের গান চালাত খুব ভাল লাগত। এখন গ্রহের ফের।’’
সংস্কার হওয়া নিজের বাড়ি থেকে আরেকটু দূরে ই ফ্ল্যাট নিয়ে এখন রয়েছেন। পুকুরের এপাড় ওপাড়। সেখানে কলিং বেল টিপতেই ভিতর থেকে মহিলার কণ্ঠস্বর। পরিচারিকা বলে নিজেকে দাবি করলেও কোনও কথা বলতে চাননি৷ দরজা খোলেননি তিনি।
Jun 26, 2026 10:00 PM IST




Post Comment