‘গতকাল বলিনি, আজ বলছি…’, লবিতে দেখা হতেই কী আর্জি জানিয়েছিলেন শুভেন্দুকে? বাস্তবায়ন হতেই বলে দিলেন কুণাল ঘোষ
Last Updated:
Kunal Ghosh: লবিতে তাঁর সঙ্গে দেখা করে আমি বলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের কথোপকথন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল ঘোষ।
কলকাতা: বৃহস্পতিবার তারাতলার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বিধানসভায় বিবৃতি দিয়ে বেরিয়ে আসার সময়ই লবিতে তাঁর মুখোমুখি হন কুণাল ঘোষ। সেই সময় বেশ কিছুক্ষণ শুভেন্দু-কুণাল কথোপকথন হয় বিধানসভার লবিতেই। কী কথা হয় তাঁদের মধ্যে? এই নিয়েই শুরু হয় জোর জল্পনা।
শুক্রবার সেই জল্পনার মুখে জল ঢেলে দিলেন খোদ কুণাল ঘোষ। যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বেলেঘাটার বিধায়ক লেখেন, “গতকাল বলিনি। আজ বলছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও দিচ্ছি। গতকাল বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা ও চারপাশের সব নির্মাণ আপাতত স্থগিত করা হচ্ছে। প্ল্যান অডিট হবে। বিবৃতি শেষ করে বেরিয়ে যান তিনি। তখন লবিতে তাঁর সঙ্গে দেখা করে আমি বলি।”
কুণাল ঘোষ তাঁর পোস্টে লেখেন, “কাজ বন্ধের নির্দেশে পূর্ণ সমর্থন। কিন্তু নির্মাণ শ্রমিকদের কথা ভাবতে হবে। বহু গরিব শ্রমিক কাজ করেন, অনেকে দূর থেকে এসে সপরিবারে সাইটে থেকে কাজ করেন। এঁদের দৈনিক আয়ের উপর খাওয়াদাওয়া নির্ভর করে। কাজ বন্ধ হলে এঁরা বিপদে পড়বেন। প্ল্যানের সঙ্গে এঁদের সম্পর্ক নেই।”
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি : কুণাল
কুণাল আরও জানান, “মুখ্যমন্ত্রী সহমত পোষণ করেন। এবং বলেন,”ওঁদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছি।” এই বিষয়টা কাল আমি সাংবাদিকদের বলিনি, কারণ, মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে নিশ্চয়ই যথাসময়ে জানাতেন। আজ শুনলাম মুখ্যমন্ত্রী বিষয়টি নিজে বলেছেন। বিল্ডারদের এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের যাতে এই সংক্রান্ত সমস্যা না হয়। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”
তারাতলার ঘটনার পর আগামী ১ মাস সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সমস্যা হতে পারে, বিধানসভার লবিতে সাক্ষাৎ হতে এমন আশঙ্কাই প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। তাই নির্মাণ শ্রমিকদের বিনামূল্যে খাওয়ার দেওয়ার মতো ব্যবস্থাকে সাধুবাদ জানালেন বিরোধী বিধায়ক কুণাল ঘোষ। আর তাতেই যবনিকাপতন হল বৃহস্পতিবারের লবি-পর্বের।
Kolkata,West Bengal




Post Comment