WBLA 2026: হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বুথে পৌঁছলেন মিতালী বাগ! হুইলচেয়ারে করে গেলেন ভোটকেন্দ্রে, ভোট দিয়ে যা বললেন তৃণমূল সাংসদ
Last Updated:
এদিন বেলায় আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” রাজ্যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার করবেন বলে দাবি করেন সাংসদ৷
হুগলি, কৌশিক অধিকারী: তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারতও ছিলেন৷ সেখান থেকে ছাড়া পাওয়ার পরেই অ্যাম্বুল্যান্সে করে হুইলচেয়ারে এসে নিজের ভোট দিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ৷ এদিন হুগলির গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ১৩৯ A বুথে অসুস্থ অবস্থায় ভোট দিলেন তিনি। আরামবাগ মেডিক্যাল কলেজ, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিজের এলাকায় এসে ভোট দিতে আসেন৷ ভোট দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।
গত সোমবারে হুগলির গোঘাটে আক্রান্ত হন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
আজকে বুধবার তিনি এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাঁর গলায় ছিল আক্ষেপের সুর। তিনি জানিয়েছেন, ‘‘আমার উপর হামলা চালানো হয়েছে। আমাকে মেরে মাটিতে দেহ ফেলে রেখে দিতে চেয়েছিল। আজকে মানুষ উৎসবের আকারে ভোট দিচ্ছেন। মেরে ফেলার চেষ্টা করলেও আমাকে মেরে ফেলতে পারেননি।’’
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে তৃণমূল সাংসদ বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী জমলা দলদাসে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে মানুষের বাড়ি গিয়ে হামলা চালানো হয়। নির্বাচন কমিশন আজকে পুরোপুরি ব্যর্থ। আজকে এসআইআর করে জিততে পারবে না এই বঙ্গে বিজেপি। বাংলার মানুষের পাশে জনতা আছে।’’
নির্বাচনের প্রচারের একদম শেষ লগ্নে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা হয় বলে অভিযোগ। ওইদিন আরামবাগ এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন মিতালি। যাওয়ার পথে তাঁর গাড়ির উপর অতর্কিত আক্রমণ হয়। বাঁশ-লাঠি দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়! গাড়ির কাচ ভাঙে। ঘটনায় জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখতে হাসপাতালে যান৷
WBLA 2026: হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বুথে পৌঁছলেন মিতালী বাগ! হুইলচেয়ারে করে গেলেন ভোটকেন্দ্রে, ভোট দিয়ে যা বললেন তৃণমূল সাংসদ



Post Comment