West Bengal Budget 2026 on Transport: রাজ্যে পরিবহণে মহিলাদের জন্য বড় ঘোষণা, চালু হবে পিঙ্ক কার্ড, ফ্রি বাস পরিষেবা নিয়েও বড় ঘোষণা
Last Updated:
West Bengal Budget 2026 on Transport: বাজেটে পরিবহণ নিয়ে রাজ্যের মানুষের প্রত্যাশা ছিল অনেক। রাজ্য বাজেটে পরিবহণে বরাদ্দ করা হল, সেই সঙ্গে পরিবহণকেও ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
কলকাতা: রাজ্য বাজেটে পরিবহণে বরাদ্দ করা হল, সেই সঙ্গে পরিবহণকেও ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। রাজ্য পরিবহণে কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে ১৬,০০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫৫০ কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
পরিবহণে বিজেপি সরকার ক্ষমতায় এসে বার বার সরকারি বাস বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। পরিবহণে বেসরকারি নির্ভরতা কমাতে ট্রামও কলকাতার শহরে নামানো হয়। পাশাপাশি পরিবহণে গতি আনতে গঙ্গায় ওয়াটার মেট্রো চালানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ভারত সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হচ্ছে কলকাতা”।
তবে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি পরিষেবা। যার মধ্যে WBTC, SBSTC, NBSTC-র সব ধরনের বাসে মহিলারা ফ্রিতে বাসে চড়ার সুবিধা পাচ্ছেন। এক্সপ্রেস বাস, ভলভো বাস এবং এসি বাসেও বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন সব মহিলারা।
প্রসঙ্গত, শুধু কলকাতা নয় রাজ্যে আরও তিন শহরে চলতে পারে মেট্রো। রাজ্য সরকারের বাজেটে প্রস্তাব করা হয়েছে শিলিগুড়িতে এবং আসানসোল-দুর্গাপুরে মেট্রো চালানোর সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য বাজেটে। অর্থাৎ কলকাতা ছাড়াও দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়িতে এবার চলতে পারে মেট্রো। এই নিয়ে রাজ্য টেকনো ইকোনমিক স্টাডি করবে বলে জানান স্বপন দাশগুপ্ত। অর্থাৎ কলকাতার শহরের বাইরে এবার চলতে পারে মেট্রো রেল।
সেই সঙ্গে গঙ্গার দুপারকে জুড়েও পরিকল্পনা রয়েছে এই বাজেটে। রাজ্যে গঙ্গার উপরে তৈরি হবে আরও একটি নতুন সেতু। ১,২০০ কোটি টাকা ব্যয়ে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই প্রকল্পটি যাতায়াতের সময় কমিয়ে এই অঞ্চলের পণ্য এবং যাত্রী চলাচলের একটি স্থায়ী এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal

Post Comment