SSC Scam: অবশেষে মিলল অনুমতি, নবান্নের পথে চাকরিহারাদের প্রতিনিধিদল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনভর তুলকালাম। অবশেষে নবান্নের পথে চাকরিহারারা। ১২ থেকে ১৫ জনের প্রতিনিধিদলকে নবান্নে যাওয়ার অনুমতি দিল পুলিস। তবে মুখ্য়মন্ত্রী নন, মুখ্যসচিবের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল।
ফের পথে চাকরিহারা। নবান্ন অভিযানকে ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড। পুলিসের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা। আজ, সোমবার হাওড়ার স্টেশনের কাছে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করেন চাকরিহারারা। এরপর নিউ কমপ্লেক্সের ক্যাব রোড ধরে এগোতে থাকে মিছিল। পরিকল্পনা ছিল, বঙ্কিম সেতু হয়ে হাওড়া ময়দান। তারপর ডানদিকে বেঁধে মহাত্মা গান্ধী রোড হয়ে মিছিল আসবে বঙ্কিম সেতুর নীচে। এরপর অবশ্য যাওয়ার অনুমতি ছিল না।
এদিকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চাকরিহারা। ফলে বঙ্কিম সেতুর নিচে থামতেই যখন মিছিল আটকায় পুলিস, তখনই শুরু হয় গণ্ডগোল। পুলিসকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষে রাস্তাতেই বসে পড়েন তাঁরা। নবান্ন যাওয়ার অনুমতি দেওয়ার জন্য পুলিসকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই ১২ থেকে ১৫ জনের প্রতিনিধিদলকে নবান্ন যাওয়ার অনুমতি দেওয়া হয়। চাকরিহারাদের প্রতিনিধি দলে রয়েছেন ২০ জন। ১৮ শিক্ষক আর ২ শিক্ষাকর্মী।
এদিকে এসএসসি-র বিধিকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, সেই মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। রায়দান স্থগিত। শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট কিশোর দত্তের সওয়াল, ‘যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন, সেটা পড়ুয়াদের ভালোর কথা চিন্তা করেই গ্রহণ করা হয়। ফলে, কমিশন যদি পড়ুয়াদের ভালোর জন্য ২০২৫ সালের বিধিকে উপযুক্ত বলে মনে করে তাহলে কোন চাকরিপ্রার্থী সেটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন না’। –
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment