‘একটা সময় মনে হচ্ছে মাথা ঠুকি..’, শিবপ্রসাদকে নিয়ে গুরুতর অভিযোগ শিলাজিতের! কী ঘটেছে?
কলকাতা: ‘বহুরূপী’ সিনেমার একেবারে ক্লাইম্যাক্স দৃশ্যে তাঁর গান ছিল যেন, ‘চেরি অন দ্য টপ’। গানটি আপাতভাবে শুনে ঈশ্বরের গান মনে হলেও, এই গান সাহায্য করেছিল ছবির ক্লাইম্যাক্সকে বাঁধতে। যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা জানেন, ‘বহুরূপী’ ছবিতে, ‘ক্যানে এলি সরোবরে বেহুলা সুন্দরী’ গানটি ছবির চিত্রনাট্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এবার, নতুন ঘোষণা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর আগামী ছবি ‘রক্তবীজ ২’-এও থাকছে এই গায়কের গান। তিনি শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar)।
আজ সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রযোজনা সংস্থার অফিসে এসেছেন শিলাজিৎ। আর সেখানে এসে, তিনি নাকি অভিযোগ করছেন, শিবপ্রসাদ তাঁর থেকে নতুন গান চাইছেন। শিলাজিৎ-এর কথায়, ‘একেবারে বসের মতো’। আর ‘রক্তবীজ ২’-এর জন্য যে গান শিলাজিৎ তৈরি করছেন, তাঁর জন্য নাকি তাঁকে প্রচুর খাটতে হচ্ছে। কোনোদিন কোনও গানের জন্য নাকি তাঁকে এতটা খাটতে হয়নি। তিনি নাকি পাগল হয়ে যাচ্ছেন কার্যত। শিলাজিৎ বলছেন, ‘শিবুর কাজ করব না কোনোদিন বলি না। দীর্ঘদিন থেকে ওর সঙ্গে কার করে আসছি। কিন্তু শিবু কোনোদিন এটা করে না। এবার ও সীমা পার করে দিয়েছে। এত পাগল একটা কম্পোজিশন নিয়ে আমি জীবনে হইনি। একটা সময় এসে মনে হচ্ছে, মাথা ঠুকি।’ শিলাজিৎ-এর অভিযোগ, শিবপ্রসাদ নাকি এই গানটার জন্য ভীষণ বিরক্ত করেছেন তাঁকে। আর ভিডিওতে শিবপ্রসাদে দেখা না গেলেও, ক্যামেরার পিছন থেকে শোনা যায় তাঁর হাসি। বোঝাই যায়, ভিডিওটা তিনিই করছিলেন।
‘রক্তবীজ’ ছবির মুখ্যভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। খাগড়গড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। ‘রক্তবীজ’-এর হাত ধরেই প্রথম থ্রিলারের দুনিয়ায় পা রেখেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। আর প্রথমবার থ্রিলার ছবিতে হাত দিয়েই কার্যত ছক্কা হাঁকিয়েছিলেন শিবপ্রসাদ নন্দিতা। সাফল্য পেয়েছিল ‘রক্তবীজ’। আর এবার, সেই ছবিরই সিক্যুয়ালের পালা। তবে এবার গল্প কী নিয়ে এগোবে, সেই খবর এখনও পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।
রক্তবীজ ছবিটির পরে শিবপ্রসাদ নন্দিতার দ্বিতীয় থ্রিলারের সিনেমা ছিল ‘বহুরুপী’। ব্যাঙ্ক ডাকাতিকে নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিসে চূড়ান্ত প্রভাব ফেলেছিল। এখনও প্রেক্ষাগৃহে চলছে বহুরূপী। ছবিটি পার করে ফেলেছে ১০০ দিন। সেই সাহস নিয়েই এবার ঘোষণা করা হল ‘রক্তবীজ ২’। ছবিটির প্রথম অধ্যায় যাঁরা দেখেছেন, তারাই জানেন, এই ছবিটির শেষেই ইঙ্গিত ছিল ছবিটার দ্বিতীয় অংশ আসার। ছবির গল্প শেষ হয়নি। রেখে গিয়েছিল ইঙ্গিত এক নতুন শুরুর। সেই থেকেই শুরু হয়েছিল ‘রক্তবীজ ২’-এর জল্পনা। আর এবার সেই ছবি আসতে চলেছে বড়পর্দায়। হতে পারে সেই ছবিতেও থাকতে পারে কোনও সত্য ঘটনার ছোঁয়া। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের দুর্গা পুজোয়।



Post Comment