Police News: ডিউটির চাপ-মানসিক অবসাদ দূরীকরণে ‘মহৌষধ’! পূর্ব মেদিনীপুরের ৩০ থানার বিশেষ আয়োজন, উপকৃত পুলিশকর্মীরা

Police News: ডিউটির চাপ-মানসিক অবসাদ দূরীকরণে ‘মহৌষধ’! পূর্ব মেদিনীপুরের ৩০ থানার বিশেষ আয়োজন, উপকৃত পুলিশকর্মীরা

Last Updated:

Police News: ২৪ ঘণ্টার ডিউটি আর অনিয়মিত জীবনযাত্রার ফলে পুলিশ কর্মীদের মধ্যে জমতে থাকা মানসিক চাপ ও অবসাদ দূর করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুরে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে জেলার ৩০টি থানা ও ট্রাফিক গার্ডে একযোগে শুরু হয়েছে বিশেষ যোগ শিবির।

+

পূর্ব মেদিনীপুরের তমলুকের পুলিশ সুপারের অফিস

তমলুক, পূর্ব মেদিনীপুর: ২১ জুন বিশ্ব যোগ দিবস। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন-সহ প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডে যোগ অভ্যাস কর্মসূচি পালিত হল। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়াম ভারতবর্ষের অন্যতম প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি। এই যোগ ব্যায়ামকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। যোগ ব্যায়ামের এই শারীরিক অভ্যাসের ফলে শারীরিক শক্তি, ভারসাম্য ও নমনীয়তা বাড়ায় এবং মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে গভীর মনোযোগ অর্জনে সাহায্য করে। পুলিশ হিসাবে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে যোগব্যায়াম তাদের একদিকে যেমন শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে অন্যদিকে মানসিক শান্তি বজায় রাখে। ফলে পরিষেবা প্রদানে বিশেষভাবে সাহায্য করে।

২১ জুন সারা বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। তবে তার আগেই শরীর ও মনকে তরতাজা রাখতে এবং ডিউটির গুরুদায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে এক অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার, ১৮ জুন সকাল থেকেই জেলার পুলিশ লাইন-সহ প্রতিটি থানা এবং ট্রাফিক গার্ডে শুরু হয়েছে বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। খাকি পোশাকের ডিউটির মাঝে পুলিশ কর্মীদের এই যোগচর্চার ছবি জেলাজুড়ে। যোগব্যায়াম বিশ্ব তথা ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি পদ্ধতি, যা আজ বিশ্বমঞ্চে সমাদৃত। নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে বিশ্বের প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতিকে অবলম্বন করল জেলা পুলিশ।

আরও পড়ুন: ভাঙা কাঁচের উপর কঠিন যোগব্যায়াম! যোগ দিবসের আগে মালদহের মেলায় অবিশ্বাস্য আসন দেখিয়ে চমক এই যোগীর

পুলিশ কর্মীদের কাজের ধরণ বাকি পাঁচটা পেশার চেয়ে অনেকটাই আলাদা। দিন-রাতের কোনও বাঁধাধরা সময় নেই, উৎসব-অনুষ্ঠানেও বাড়ি ফেরার উপায় নেই। এই প্রতিনিয়ত মানসিক চাপ এবং শারীরিক খাটুনির ফলে তৈরি হওয়া অবসাদ দূর করতেই এই উদ্যোগ। পুলিশের দৈনন্দিন ডিউটির জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তি, শরীরের ভারসাম্য এবং নমনীয়তা বৃদ্ধি পায়। মনঃসংযোগ বাড়াতে এবং কাজের তীব্র চাপ ও মানসিক উদ্বেগ কমাতে প্রাণায়াম ও ধ্যান দারুণ কার্যকরী। মন শান্ত থাকলে সাধারণ মানুষের অভাব-অভিযোগ আরও সহানুভূতির সঙ্গে শোনা এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের টোল ব্যবসায়ী নাসিরের বাড়িতে জিএসটি হানা! কী জানালেন আধিকারিকরা?

এই বিশেষ যোগ শিবির নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা জানান, “পুলিশের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং দায়িত্বপূর্ণ। দিন-রাত সাধারণ মানুষের সুরক্ষায় কাজ করতে গিয়ে অনেক সময়ই পুলিশ কর্মীরা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সুযোগ পান না। আমরা চাই, আমাদের প্রত্যেক কর্মী যেন শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন। সুস্থ শরীর ও শান্ত মন ছাড়া সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। যোগাভ্যাস কেবল ব্যায়াম নয়, এটি জীবনযাপনের একটি সুশৃঙ্খল পদ্ধতি। ২১ জুনের আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হল পুলিশ কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং মানসিক চাপমুক্ত রাখা, যাতে তারা আরও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারেন।”

নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এদিনের এই যোগ শিবিরে জেলার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ কনস্টেবল সহমত ৪০০ জন পুলিশকর্মী অংশগ্রহণ করেন। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ৩০ টি থানা এবং ট্রাফিক গার্ডের কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই যোগ অভ্যাস কর্মসূচিতে। অভিজ্ঞ যোগ শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন আসন, প্রাণায়াম ও ধ্যান চর্চা করা হয়। জেলা পুলিশের সূত্রে জানা যায়, কেবল এই একটি দিনই নয়, আগামী দিনেও পুলিশ কর্মীদের দৈনন্দিন রুটিনে যাতে এই সুস্থ অভ্যাসের ধারা বজায় রাখা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। সুস্থ পুলিশ প্রশাসনই যে একটি সুস্থ সমাজের চাবিকাঠি, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ তা প্রমাণ করে দিল।

Previous post

East Bardhaman News: হিমসাগর-ল্যাংড়াকে টেক্কা দেবে নবাবি আমলের ‘এই’ আম, অস্তিত্ব বাঁচাতে ‘জিআই’ স্বীকৃতির লড়াই! জাত চিনতে লাগল বহু বছর

Next post

একধাক্কায় অনেকটা কমল রুপো ও সোনার দাম, কত টাকা ? বিনিয়োগ করলেই লক্ষ্মী লাভ

Post Comment

You May Have Missed