গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর

গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর

কলকাতা: অভিনয় তো করছেন, পাশাপাশি এবার গানেও কন্ঠ দিলেন নুসরত ফারিয়া (Nusraat Faria)। অভিনেত্রী বলেই পরিচিত নুসরত, তবে ঈদে মুক্তি পেল নুসরত ফারিয়ার গাওয়া নতুন গান, ‘লোকে বলে’। এসভিএফ মিউজিক (SVF Music) -এর তরফ থেকে মুক্তি পেয়েছে এই গান। তাহজিব এম বাঁধন এই গানটি লিখেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন, জনপ্রিয় সিনেমাটোগ্রাফার ও পরিচালক, বাবা যাদব (Baba Yadav)। গোটা গানে এক এক জায়গায়, এক এক লুকে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে। তবে এই প্রথম নয়, ২০১৮ সালে, ‘পটাকা’ বলে একটি গান গেয়েছিলেন নুসরত ফারিয়া। সেই থেকেই তাঁর সঙ্গীতের দুনিয়াতেও যাত্রা শুরু।

‘লোকে বলে’ গানের অভিজ্ঞতা নিয়ে নুসরত ফারিয়া

এই গান নিয়ে নুসরত ফারিয়া বলেন, ‘SVF-এর সঙ্গে যে কোনও কাজই আমার কাছে খুব বিশেষ। ‘লোকে বলে’ গানটি করতে গিয়ে, খুব ভাল একটা অভিজ্ঞতা হল। গানটার মধ্যে যে এনার্জি রয়েছে, গানটা এত ঝলমলে যে… শুনে আমার নিজেই নাচ করতে ইচ্ছা করছিল। গানটার শ্যুটিং করতে গিয়েও ভীষণ মজা হয়েছে। গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। আশা করছি, গানটি দর্শকদের ভাল লাগবে।’ গানটিতে যেমন নুসরত ফারিয়ার গলা শোনা গিয়েছে, তেমনই এই গানটিতে নাচও করেছেন নুসরত ফারিয়া।

পরিবারকে নিয়ে কী বলেছিলেন নুসরত ফারিয়া?

কাজের দুনিয়ায় নুসরতের অন্যতম শক্তি তাঁর পরিবার। কাজ শুরু করার সময় থেকেই কী পরিবারের সমর্থন ছিল? এবিপি লাইভ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরত একবার বলেছিলেন, ‘একেবারেই না। আমি অভিনয় বা মডেলিং করব শুনে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন বড়রা। আমি অনেক ছোট থেকে কাজ শুরু করেছি। বাড়িতে না জানিয়ে স্কুলের পোশাক পরে শ্যুটিং-এ যেতাম। একবার এক বিজ্ঞাপনের শ্যুটিং। ভোরবেলা বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়ে। আমি স্কুলের পোশাক পরে নামতে গিয়ে মায়ের কাছে ধরা পড়ে যাই। আমায় ঘরে বন্ধ করে রাখেন মা। সেই গাড়ি বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে যায়। এখন সেইসব দিনগুলোর কথা মনে পড়লে মা বলেন, এতকিছু করেও তোকে আটকাতে পারিনি। আসলে আমি যে ভালো কাজ করছি, ভালোর জন্য করছি, সেটা বুঝতে পরিবারের একটু বেশি সময় লেগেছিল। এখন অবশ্য পুরোপুরি সমর্থন পাই।’

আরও পড়ুন: Jeetu Kamal: ‘যাঁরা নিন্দা করতেন, গালি দিতেন, ওঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছেন..’, অনীক দত্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক জিতু কমল

 



Post Comment

You May Have Missed