সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে…
মুল্লানপুর: আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের নজির গড়েছিলেন ক্রিস গেলের। মাত্র ৩০ বলে তিনি সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। যে রেকর্ড এখনও অক্ষত। কিন্তু বৃহস্পতিবার আর একটু হলেই সেই রেকর্ড ভেঙে দিচ্ছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল বৈভব, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের গ্যালারির সব দর্শকরা। ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলছিল বৈভব ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে। যদিও গেলের একটি রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছে বৈভব। ম্য়াচের পর সেঞ্চুরি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ১৫ বছরের বালককে। সে বলছে, ‘রেকর্ডের বিষয়টা আমি জানতামই না। ম্য়াচের পর জানতে পেরেছি। আমার লক্ষ্য শুধুমাত্র ছক্কা হাঁকানোর ওপর ছিল। আমি পরবর্তীতে ফের সেঞ্চুরি করতেই পারব।’
বৈভব আরও বলে, ‘প্রত্যেক ম্যাচে প্রত্যেক বোলারকে কীভাবে খেলব, তাই নিয়ে প্ল্যানিং করি সবসময়। বোলাররা কোন লেংথে বল করছে, তা বোঝার চেষ্টা করি। আমি চেষ্টা করি বোলারকে সবসময় চাপে রাখতে। কে বল করছে, তা নিয়ে ভাবি না। আমি নিজের খেলাটাই খেলতে চাই সবসময়। আমরা ম্য়াচ জিতেছি। আপাতত সেলিব্রেশন নিয়ে বেশি না ভেবে পরের ম্য়াচে ফোকাস করতে চাই আমরা।’
গোটা টুর্নামেন্টে ঝড়ের গতিতে রান করে চলেছে বৈভব। এবার তো সে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম স্থানেও উঠে এসেছে। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ১৬ বলে অর্ধশতরান হাঁকিয়েছিল বৈভব। আর পরের ১৩ বলে আরও ৪৭ রান করে সে। অর্থাৎ আরও আক্রমণাত্মক ছিল সে। আর এই ইনিংসটি খেলার পর চলতি মরশুমে সূর্যবংশীর ঝুলিতে বর্তমানে ৬৫ ছক্কার মালিক। যা কোনও এক আইপিএল মরশুমে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি ছক্কা। এই রেকর্ডটি ছিল ক্রিস গেলের ঝুলিতে। ২০১২ সালের আইপিএল মরশুমে মোট ৫৯ ছক্কা হাঁকিয়েছিলেন ইউনিভার্সাল বস। অর্থাৎ বৈভব এই মরশুমে এখন ইতিমধ্যেই গেলের থেকে ছয়টি ছক্কা বেশি হাঁকিয়ে ফেলেছে। হাতে আরও দুটো ম্য়াচ রয়েছে তার। অর্থাৎ ছক্কার সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে সে। এই তালিকায় রয়েছেন কেকেআরের প্রাক্তন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তিনি ২০১৯ সালে ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০১৩ সালে ক্রিস গেল এক মরশুমে মোট ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০২২ সালে জস বাটলার ৪৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।



Post Comment