Prosenjit Saha Galaxy House: সলমন খানের বাড়ির নামেই গ্যালাক্সি হাউস, নামের সঙ্গে মিলিয়ে জুড়েছিল ‘P’, উপ-প্রধান প্রসেনজিতের রাজপ্রাসাদ দেখে চমকে উঠছেন সকলে
Last Updated:
North 24 Parganas News: বাড়ি নয় যেন কোনও ফাইভ স্টার হোটেল! প্রসেনজিৎ সাহার এই আলিশান বাড়ির নাম গ্যালাক্সি, মুম্বইয়ের সলমন খানের বাড়ির নামেই৷
উত্তর ২৪ পরগনা: বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ি হিসেবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বহু মানুষের কাছে পরিচিত হলেও জেলায় এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে ঘিরেই এখন চর্চা তুঙ্গে। আলিশান এই প্রাসাদের ছবি ভাইরাল হতেই রীতিমত চক্ষু চরক গাছ সকলের। কী নেই এই বাড়ির অন্দরে!
খড়দহে তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহা। রহড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আর সেই গ্রেফতারির পর থেকেই নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁর বিলাসবহুল বাড়ি গ্যালাক্সি হাউস। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন বেআইনি কাজের অভিযোগ ছিল। অভিযোগ, পঞ্চায়েতে পদের ব্যবহার করে এলাকায় দাপট দেখাতেন তিনি। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বিস্তীর্ণ জলাজমি ভরাট করে, তা চড়া দামে বিক্রির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
গ্যালাক্সি হাউস প্রসঙ্গে এলাকার মানুষ জানায়, বাড়িটির বাহ্যিক চাকচিক্য থেকে অন্দরসজ্জা সবকিছুই যেন কোনও বিলাসবহুল হোটেলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। বিশাল প্রবেশপথ, দামি কাঠের আসবাব, শৌখিন পর্দা, আধুনিক সাজসজ্জা সব মিলিয়ে বাড়িটি ইতিমধ্যেই এলাকায় কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, বলিউড অভিনেতা সলমন খান-এর ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর নামের সঙ্গেই মিল রেখে তৈরি করা হয়েছিল এই ‘গ্যালাক্সি’। সূত্রে খবর, বিধানসভা ভোটের আগেই প্রসেনজিৎ সাহাকে নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছিল। গত ২৯ এপ্রিল খড়দহে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনি তাঁর বাড়িতে তল্লাশিও চালায়। তবে সেই সময় তাঁকে পাওয়া যায়নি বলে জানা যায়। এরপর থেকেই তিনি কার্যত ফেরার ছিলেন।
অবশেষে পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও রাজনৈতিক প্রভাবের কারণেই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে তার এই গ্যালাক্সিকে ঘিরে যেন কৌতুহল মিটছে না মানুষের।
রুদ্র নারায়ণ রায়
North Twenty Four Parganas,West Bengal
May 28, 2026 11:13 PM IST




Post Comment