‘যাঁরা নিন্দা করতেন, গালি দিতেন..’, অনীক দত্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক জিতু কমল

‘যাঁরা নিন্দা করতেন, গালি দিতেন..’, অনীক দত্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক জিতু কমল

কলকাতা: তাঁর হাত ধরেই, কার্যত কেরিয়ারের একটা নতুন ইনিংস শুরু করেছিলেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত, ‘অপরাজিত’ সিনেমার নায়ক তিনি। সেই ছবির হাত ধরেই, জিতুকে যেন নতুন করে আবিষ্কার করেছিল টলিউড। নিজের কেরিয়ারে, অনীক দত্তের অবদানকে কখনও ভুলে যাননি জিতু। অনীক দত্তের জন্মদিনে একবার, এবিপি লাইভ বাংলায় (ABP Live Bangla) কলমও ধরেছিলেন তিনি। পরিচালকের প্রয়াণের খবর শুনে তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালেও। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রিয় পরিচালকের মৃত্যু নিয়ে এখনই কোনও মন্তব্য করতে তিনি রাজি নন। তবে আজ, অনীক দত্তের শেষকৃত্যের খবর শেয়ার করে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট জিতু কমলের। 

অনীক দত্তের শেষকৃত্যের খবর শেয়ার করে নিয়ে বিস্ফোরক জিতু কমল

সোশ্যাল মিডিয়ায় আজ অনীক দত্তের শেষকৃত্যের খবর পোস্ট করে, জিতু কমল লিখেছেন, ‘অনীকদাকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য আগামীকাল যেখানে তাঁকে রাখা হবে। তাঁর পরিবারের সম্মতিতেই এই পোস্ট করা হল।’ এরপরে জিতু আরও লিখেছেন, ‘যারা অনীক দত্তের পিছনে, তাঁর প্রচুর নিন্দা করতেন, গালি দিতেন, প্রতিনিয়ত ওঁর কাজগুলোকে নষ্ট করেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন, তাঁরা দয়া করে আসবেন না। শুধু শুধু অভিশাপ কুড়িয়ে নিয়ে, বাড়ি ফেরার কোনও মানে হয় না। পাপ-পূণ্য সব কিছুর খতিয়ান এখানেই দিয়ে যেতে হবে। নিজের বাড়িতে বসেই না হয়, অনীকদার কাছে একবার মন থেকে ক্ষমা চেয়ে নেবেন। ভয় পাবেন না ঈশ্বর ক্ষমাশীল। ফিরবে তোমার “সত্যজিৎ”। তোমার শেষ ইচ্ছে পূরণ হবেই। তুমিই “অপরাজিত অনীক”।

 

 

অনীক দত্তের জন্মদিনে কী লিখেছিলেন জিতু?

অনীক দত্তের জন্মদিনে, এবিপি লাইভ বাংলায় জিতু লিখেছিলেন, ‘আমি আমার জগৎ নিয়ে বেশ ছিলাম। দুবেলা দুমুঠো জুটেও যাচ্ছিল। হঠাৎ তুমি আলাদীনের ম্যাজিক কার্পেট নিয়ে আমার কাছে উপস্থিত হলে আর আমায় উড়িয়ে নিয়ে চললে। আমায় নিয়ে যাচ্ছ এক অজানা, অচেনা পৃথিবীতে। এক আলোর জগতে। সত্যজিৎ রায়ের প্রতি তোমার একাগ্রতা আর অনুধাবন সত্যিই চমকে দেওয়ার মতো। আমি তোমার নজরে আসতে পেরে সত্যিই ধন্য। তুমি আমায় দিয়ে যেভাবে এই কাজটি করিয়ে নিলে তাতে আমি ধন্য। আমি বাদে অন্য যে কোনও অভিনেতাকে দিয়েই যে তুমি এই কাজটি করিয়ে নিতে পারতে তা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে আমি এই স্বনামধন্য চরিত্রটা করতে পেরে তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।’

Previous post

রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা… ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন! চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

Next post

Success Story: ক্ষুরধার মস্তিষ্কে ৭০০ দাবাড়ুকে মাত করে ওড়ালেন তেরঙা, কঠিন লড়াইয়ে সেরার শিরোপা বাংলার ছেলের! পেলেন মোটা টাকার পুরস্কার

Post Comment

You May Have Missed