অবসরের ২ দিনেই মাথায় ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন বিজয় শঙ্কর, খেলবেন…
ক্যান্ডি: সদ্য ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলে, ঘরোয়া ক্রিকেটেও আর দেখা যাবে না। নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘থ্রিডি’ ক্রিকেটার নামে খ্যাত বিজয় শঙ্কর। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার ডাক পেলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। সেখানে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন এই ডানহাতি।
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে বিজয়কে। লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ মরশুমে ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। ১ জুন লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট হবে। তার আগে এই লিগে যে বিদেশি ক্রিকেটাররা যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন, তাঁদের অন্যতম বিজয়। দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স, ইংল্যান্ডের মঈন আলি, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের সাহিবজাদা ফারহান এই বিদেশি ক্রিকেটাররা মার্কি খেলােয়াড় হিসেবে রয়েছে ড্রাফটে। বিজয় শঙ্কর ছাড়াও এবার ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্য়াঞ্জেলো ম্যাথিউজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিশ্বজয়ী অলরাউন্ডার মঈন আলিকে।
উল্লেখ্য, দেশের জার্সিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে খেলেছেন। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিজয় কোনওদিনও। ২০১৯ বিশ্বকাপেই দেশের জার্সিতে শেষবার খেলতে দেখা গিয়েছিল বিজয় শঙ্করকে। দেশের জার্সিতে খেলেছেন ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। আইপিএলে ২০১৪ মরশুম থেকে খেলেছেন। যদিও এই মরশুমে কোনও দলের হয়েই খেলছেন না শঙ্কর। কোনও দলই তাঁকে নেয়নি। ব্রাত্য হয়েই কি এবার কড়া সিদ্ধান্তটা নিয়ে ফেললেন বিজয়? নিজের সােশ্যাল মিডিয়ায় ৩৫ বছরের অলরাউন্ডার বিশাল বিবৃতি দিয়েছেন অবসর প্রসঙ্গে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর পেছনে বিদেশের লিগে যে তিনি খেলতে চাইছেন, সেই ইচ্ছের কথাও জানিয়েছেন। সেই মতই অবসর নেওয়ার ২ দিনের মধ্য়েই এবার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাকও পেয়ে গেলেন।
বিজয় শঙ্কর আইপিএলে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন। যদিও কোনও ফ্র্যাঞ্চাইজির হয়েই কার্যকরী ভূমিকা নিতে পারেননি। এমনকী চোট আঘাতও বিজয়ের কেরিয়ারে বারবার বাধা দিয়েছিল। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরও সমালোচিত হয়েছিলেন। ফর্মে থাকা আম্বাতি রায়াডুকে না নিয়ে বিজয় শঙ্করকে সেবার দলে নেওয়ার জন্য নির্বাচক কমিটির প্রধান এমএস কে প্রসাদকেও সমালোচিত হতে হয়েছিল।



Post Comment