Suvendu Adhikari: ‘তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন…’, শপথ নিয়েই বিস্ফোরক শুভেন্দু! কী বললেন মুখ্যমন্ত্রী?
Last Updated:
বুধবার থেকে বিধানসভায় জয়ী বিধায়কদের শপথগ্রহণ শুরু হয়েছে৷ প্রথম দিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীও৷
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তাঁর কাছেই স্বস্তি প্রকাশ করেছেন একাধিক তৃণমূল বিধায়ক৷ বুধবার বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
বুধবার থেকে বিধানসভায় জয়ী বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে৷ ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী৷ এর ফলে নন্দীগ্রামের বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে৷ তবে বিধায়ক পদ ছাড়লেও সবসময় নন্দীগ্রামের মানুষের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
বুধবার বিধানসভায় মালদহের রতুয়ার প্রবীণ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় তাঁর সামনে দিয়ে শপথবাক্য পাঠ করতে যাওয়ার সময় উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ পাল্টা তাঁকে আশীর্বাদ করেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ও৷
তৃণমূল বিধায়কের সঙ্গে তাঁর কথোপকথন নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে ব্যক্তিগত ভাবে উনি যা বলেছেন আমি আপনাদের বলতে যাব কেন? হয়তো রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে৷ তবে নাম না করে আপনাদের আমি বলছি, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম৷’
নতজানু হয়ে সিঁড়িতে মাথা ছুঁইয়ে প্রণাম করে বুধবার বিধানসভায় পা রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বিধায়ক হিসেবে শপথগ্রহণের পর তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির৷ মানুষের আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সরকার তৈরি হয়েছে৷ তার পর আমরা এখানে প্রবেশ করেছি৷ এখানেই মানুষের জন্য আইন তৈরি হবে, বাজেট তৈরি হবে৷ এই বিধানসভায় গোপন কিছু থাকবে না৷’
Kolkata,West Bengal




Post Comment