Tough Life Dream Alive: রোজকার বেঁচে থাকার লড়াই, তবু স্বপ্নের গান থামে না, চায়ের দোকানের ফাঁকেই চলে সঙ্গীত সাধনা
Last Updated:
Bankura News: চায়ের দোকানে জীবন, গানে স্বপ্ন—খাতড়ার সনৎ মুর্মুর লড়াই
বাঁকুড়া: খাতড়া বাজার লাগোয়া কুরকুটিয়া গ্রামের বাসিন্দা সনৎ মুর্মু—পেশায় এক সাধারণ চায়ের দোকানদার, কিন্তু মনের গভীরে লুকিয়ে আছে এক শিল্পীর স্বপ্ন। বাঁকুড়া জেলার এই মানুষটি প্রতিদিন খাতড়া শহরের এসডিও মোড়ে নিজের ছোট্ট চায়ের দোকান চালান। দিনভর ব্যস্ততা, খদ্দের সামলানো আর সংসারের দায়িত্ব—সবকিছুর মাঝেই কোথাও হারিয়ে যায় তার গান গাওয়ার সময়।
ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর টান সনতের। বিশেষ করে সাঁওতালি গান তার খুব প্রিয়। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় সুযোগ পেলেই গান ধরেন তিনি। কণ্ঠে রয়েছে স্বাভাবিক মাধুর্য, যা শুনে অনেকেই প্রশংসা করেন। কিন্তু সেই প্রতিভা আর ভালবাসা থাকা সত্ত্বেও জীবনের বাস্তবতা তাকে আটকে রেখেছে এক জায়গায়।
সনৎ নিজেই বলেন, “আমি সময় জোগাড় করতে পারি না। কাজ করতে করতে আর সঙ্গীত চর্চা করা সম্ভব হয় না।” সংসারের চাপ, আয়ের অনিশ্চয়তা এবং প্রতিদিনের দৌড়ঝাঁপ তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও গান ছাড়েননি তিনি—মন খারাপের দিনে কিংবা ফাঁক পেলেই গুনগুন করে ওঠেন নিজের প্রিয় সুরে।
এমন বহু সনৎ মুর্মু ছড়িয়ে রয়েছেন সমাজের নানা প্রান্তে, যাদের প্রতিভা রয়েছে, কিন্তু সুযোগের অভাবে তা পূর্ণতা পায় না। খাতড়ার এই চা-ওয়ালা গায়কও তেমনই এক গল্প, যেখানে সংগ্রাম আর স্বপ্ন পাশাপাশি চলে। হয়ত একদিন তার কণ্ঠ পৌঁছে যাবে আরও বড় মঞ্চে—এই আশাতেই বাঁচেন সনৎ এবং তার গান।
Neelanjan Bandopadhya
Kolkata,West Bengal



Post Comment