Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! নদীর উপরের সাঁকো ভেঙে চরম ভোগান্তি, ঝুঁকি নিয়ে কলার ভেলায় চলছে পারাপার
Last Updated:
Cooch Behar News: জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। সমস্যায় পড়েছেন বহু মানুষ। ঘুরপথে যাওয়ার ঝক্কি এড়াতে অনেকেই ঝুঁকি নিয়ে কলার ভেলায় নদী পারাপার করছেন।
শীতলকুচি, কোচবিহারঃ বিগত কয়েকদিন ধরে কোচবিহারে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে সাঁকো ভেঙে বিপত্তির সম্মুখীন বহু মানুষ। ঝুঁকি নিয়ে কলার ভেলা করে নদী পারাপার করছেন শীতলকুচির লালবাজার পঞ্চায়েতের দেবনাথপাড়ার বাসিন্দারা।
জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসে গিরিধারী নদীর উপর অবস্থিত এই অঞ্চলের সেতুটি ভেঙে যায়। এরপর প্রশাসনের তরফে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হয়। তবে একটানা বৃষ্টিতে গত বৃহস্পতিবার সেই সাঁকোর একাংশও ভেঙে যায়। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘুরপথে যেতে হলে অনেকখানি সময় লাগে। সেই জন্য বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এভাবে যেতে হচ্ছে। ভেঙে যাওয়া সাঁকো দ্রুত সংস্কার করার পাশাপাশি নয়া ব্রিজের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা বলেন, ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে। এই বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির জেরে কিছুদিন আগেই ফাঁসিরঘাটের অস্থায়ী সেতু তথা বাঁশের সাঁকো ভেঙেছিল। সেই কারণে সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। এবার সামনে এল লালবাজার পঞ্চায়েতের দেবনাথপাড়ার বাসিন্দাদের দুর্ভোগের কথা। কবে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! নদীর উপরের সাঁকো ভেঙে চরম ভোগান্তি, ঝুঁকি নিয়ে কলার ভেলায় চলছে পারাপার




Post Comment