আরসিবিকে হারিয়েই কোহলির দলকে খোঁচা গিলের, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শুভমন?
গুজরাত: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (GT vs RCB) দুরন্ত জয়ে প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে গুজরাত টাইটান্স Gujarat Titans)। দুরন্ত ছন্দে থাকা গত বারেক চ্যাম্পিয়নকে এ মরশুমের রেকর্ড সংখ্যক সমর্থকদের সামনে কার্যত দুরমুশ করে জয় পায় টাইটান্সরা। ২৫ বল বাকি থাকতে চার উইকেটে জয় পায় গুজরাতের ফ্র্যাঞ্চাইজ়ি।
দলের এই জয়ের পরেই মজার ছলে আরসিবি দলকে ট্রোলই করেন টাইটান্স অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। আরসিবির স্লোগান ‘প্লে বোল্ড’। সেই সুরেই আরসিবিকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় গিল একটি পোস্ট করেন। তিনি জেসন হোল্ডারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘প্লে হোল্ড জেসন হোল্ডার। দলের আজকের পারফরম্যান্স বেশ বোল্ড ছিল।’ শুভমনের এই পোস্ট যে আরসিবি সমর্থকদের খোঁচা দিয়েই করা, তা বুঝতে কারুরই খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
অবশ্য এই প্রথম নয়, গিল কিন্তু এর আগেও চলতি মরশুমে দক্ষিণ ভারতের আরেক দলকে পরাজিত করে তাঁদেরকে এইরকম মজার ছলে হালকা খোঁচা দিয়েছিলেন। সেখানে তাঁকে সিএসকে চিহ্ন হলুদ বাঁশি নিয়ে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল। একদিকে যেখানে গিলের দল মাঠে জিতছে, সেখানে মাঠের বাইরেও এই মজাদার খোঁজাগুলির মাধ্যমে গিল যে বেশ শিরোনাম কাড়ছেন, তা বলাই বাহুল্য।
আরসিবির বিরুদ্ধে ম্যাচের কথা বলতে হলে এদিন কিন্তু জেসন হোল্ডারই ম্যাচ সেরা হন। ব্যাট হাতে ১২ রান, বল হাতে দুই উইকেট এবং ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ধরেন হোল্ডার। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৫৫ রান। বিরাট কোহলি ও কাগিসো রাবাডা দ্বৈরথ ঘিরে সরগরম ছিল ম্যাচের প্রথমার্ধ। আইপিএলে একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাণভোমরা। অন্যজন গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম সেরা মুখ। অথচ, দক্ষিণ আফ্রিকার পেসারকে কি না এক ওভারে টানা পাঁচ চার মারেন কোহলি! কিন্তু তার পরের ওভারেই রাবাডা কোহলিকে ফেরান। দেবদত্ত পাড়িক্কাল ৪০ রান করেন বটে, তবে তারপরে আর কেউই তেমন রান পাননি। কোনওক্রমে দেড়শোর গণ্ডি পার করলেও, শুরুতেই গিলের আগ্রাসী ব্যাটিং এবং শেষের দিকে ঠান্ডা মাথায় রাহুল তেওয়াটিয়ার খেলা ইনিংসে দুরন্ত জয় পায় টাইটান্সরা।



Post Comment